দেয়ালের ইট খুলে পেট্রোল ঢেলে আ. লীগ অফিসে আগুন
রাজশাহীর বাগমারা উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় একটি কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বাগমারা থানার ওসি আবু ওবাইদা জানান, সোমবার রাতের কোনো এক সময় ঝিকড়া ইউনিয়ন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আগুনে ইউনিয়ন আওয়ামী লীগের ওই কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ আসবাবপত্র পুড়ে গেছে বলে দলের ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মানিক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাতে কার্যালয়ের পেছন দিকের দেয়ালের দুটো ইট খুলে সেই ছিদ্র দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়।”
এ ঘটনার জন্য বিএনপি-জামায়াত জোটকে দায়ী করেছেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু।
তিনি বলেন, “খালেদা জিয়া অবরোধের নামে নাশকতা চালানোর যে ডাক দিয়েছেন তার অংশ হিসেবেই তার সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগ কার্যালয় পুড়িয়েছে।”
ওসি ওবাইদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ সকালে পুড়ে যাওয়া কার্যালয় ঘুরে দেখেছে। সেখান থেকে একটি বোতলসহ কিছু আলমত জব্দ করা হয়েছে। জড়িতদের শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে।”
এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ থানায় একটি মামলা করেছেন।
