টাকা নিয়ে সংবর্ধনা!
টাকা নিয়ে পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি ‘শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা’ দেওয়ার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকালে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠানস্থলে অতিথিদের অভিযোগের পর তাদের আটক করা হয় বলে শাহবাগ থানার পরির্দশক এ কে সাইদুল হক ভূইয়া জানিয়েছেন।
এরা হলেন- ‘বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি’র সদস্য সচিব মো. তাজুল ইসলাম এবং অনুষ্ঠানের উপস্থাপিকা সৈয়দা তাসলিমা লিমা।
পুলিশ কর্মকর্তা সাইদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষার্থী এবং অভিভাবকরা থানায় প্রতারণার অভিযোগ জানালে তাজুল এবং তাসলিমাকে আটক করা হয়।”
অনুষ্ঠানে উপস্থিত একাধিক শিক্ষার্থী এবং অভিভাবক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংবর্ধনা জন্য প্রতিজনের কাছ থেকে আড়াইশ’ টাকা নেওয়া হয়েছে।
ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের আজিমপুর শাখার পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ৩২১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিতে বিকাল ৩টায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি’।
আমন্ত্রিতরা কবি সুফিয়া কামাল মিলনায়তনে উপস্থিত হলে স্থান সংকুলান না হওয়ার কারণ দেখিয়ে তাদের জাদুঘরের প্রধান মিলনায়তনে নেওয়া হয়।
প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পরও প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অনুষ্ঠানে না দেখে শিক্ষার্থী এবং অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে মঞ্চে উঠে পড়ে এবং শাহবাগ থানায় খবর দেয়।
জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোসাইটির পক্ষ থেকে সৈয়দা তাসলিমা লিমা এবং সুদীপ রায় বাপি টাকা তোলার জন্য তাদের বিদ্যালয়ে গিয়েছিলেন।
“আমাদের সংবর্ধনা দেওয়া কথা বলে আমাদের কাছ থেকে আড়াইশ টাকা নেয়। এখন তারা সংবর্ধনার নামে প্রতারণা করছে।”
এক শিক্ষার্থীর অভিভাবক সুপ্রিম কোর্টের আইনজীবী আতাউর রহমান বলেন, “ষষ্ঠ ও নবম শ্রেণির শ্রেণি শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে দুই পৃষ্ঠার একটি ফরম পূরণ করিয়ে আড়াইশ করে টাকা নিয়েছে। ফরমের একটি পৃষ্ঠা শ্রেণি শিক্ষক রেখে এই অনুষ্ঠানের প্রবেশপত্র স্বরূপ আরেকটি পৃষ্ঠা শিক্ষার্থদের দিয়েছে।”
ওই প্রতিষ্ঠানে শিক্ষার্থী ছাড়া অর্থ আদায়কারী ও সংশ্লিষ্ট কারও স্বাক্ষর না থাকায় সন্দেহ হয় বলে জানান এই আইনজীবী।
“এসব কিছু মিলিয়ে আমাদের সন্দেহ হয় যে আমাদের প্রতারিত করা হয়েছে। ঢাকা শহরের বিভিন্ন ভুয়া সংগঠন টাকার বিনিময়ে সংবর্ধনা দিয়ে থাকে। আমাদের মনে হল, আমরা তাদেরই খপ্পরে পড়েছি।”
হাজি আলমাস নামের এক অভিভাবক বলেন, “আমার বুঝতে পারছি না এরকম একটি সংগঠনের সঙ্গে স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের যোগসাজশ হল কিভাবে?”
সংবর্ধনা নেওয়ার জন্য কেন টাকা নেওয়া হয়েছে- জানতে চাইলে ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির শ্রেণিশিক্ষক আবুল হোসেন আকাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ব্যাপারে আমি কিছুই জানি না।
“আমি অবশ্য এ ব্যাপারে একজন সিনিয়র আপাকে (সিনিয়র শিক্ষিকা) জিজ্ঞেস করেছিলাম, তিনিও কিছু বলতে পারেন নি। এ ব্যাপারে কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন।”
বিষয়টি নিয়ে দেশের অন্যতম সেরা এই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মঞ্জুআরা বেগমের সঙ্গে কথা বলতে একাধিকবার তার মোবাইলে কল করা হলেও তিনি ফোন ধরেননি।
এদিকে সোসাইটির প্রেস বিজ্ঞপ্তিতে দেওয়া পাঁচটি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে চারটি নম্বর বন্ধ পাওয়া যায়।
একটি নম্বরে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি ফোন ধরেন। তিনি বলেন, “আমার এই সংগঠনের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। পাশাপাশি জেলার হওয়ায় বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান শরিফুল ইসলামের সঙ্গে পরিচয় ছিল। এর বেশি কিছুই নয়।”
“আমি বুঝতে পারছি না সে আমার নাম কেন প্রেস বিজ্ঞপ্তিতে দিয়েছে,” বলেন এই ব্যক্তি।
আটক তাজুল ও তাসলিমা শাহবাগ থানায় রয়েছেন। ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটক ওই দুজনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত থানাতেই থাকবে।”
অভিভাবক আতাউর রহমান বলেন, “ওসির সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই সোসাইটির বিরুদ্ধে কর্তৃপক্ষ যদি কোনো পদক্ষেপ না নেয়। তাহলে টাকা ফেরত নেওয়ার জন্য পদক্ষেপ নেব।”
