২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলবাহী জাহাজের শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

সব লাইটার জাহাজে তেল পরিবহনের আশ্বাস পেয়ে কর্মবিরতি স্থগিত করার ঘোষণা দিয়েছে তেলবাহী লাইটার ‍জাহাজের শ্রমিকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 08:02 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে এই ঘোষণা আসে।

ফেডারেশনের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এ এম বদরুদ্দোজার পাঠানো এক চিঠিতে সব লাইটার জাহাজে তেল পরিবহণের আশ্বাস দেওয়া হয়।

“আশ্বাসের প্রেক্ষিতে আমরা কর্মবিরতি স্থগিত করেছি। কর্মবিরতি আহ্বানের আগেও বিপিসির কাছ থেকে একই রকম আশ্বাস পেয়েছিলাম। তবে পরে মন্ত্রণালয়ের নির্দেশে অর্ধেক লাইটার জাহাজে তেল পরিবহণ বন্ধের আশঙ্কা সৃষ্টি হয়।”

খোরশেদ আলম বলেন, তাই কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরে পরিস্থিতি অনুসারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

শুধুমাত্র ডাবল হাল ও ডাবল বটম সম্বলিত জাহাজে তেল পরিবহন করা যাবে এমন সরকারি সিদ্ধান্তের পর সারাদেশে চলাচলকারী ৩০০ তেলবাহী লাইটার জাহাজের মধ্যে দেড়শ জাহাজে তেল পরিবহন বন্ধের উপক্রম হয়।

এতে প্রায় তিন হাজার শ্রমিক বেকার হয়ে যাবে জানিয়ে রোববার মধ্যরাত থেকে কর্মবিরতির ডাক দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

এরপর রোববার রাত ১২টা থেকে সোমবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কর্মবিরতি চলে। কর্মবিরতি চলাকালে চট্টগ্রামের তেল বিপণন কেন্দ্রগুলো থেকে সারাদেশে নৌপথে তেল পরিবহন বন্ধ ছিল।

চট্টগ্রামে অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল থেকে সড়ক পথের পাশাপাশি সারাদেশে নৌপথে লাইটার জাহাজে করে জ্বালানি তেল পরিবহণ করা হয়।