আড়াই মাসে হাজী দানেশের অচলাবস্থার অবসান
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শিক্ষক সমিতি কর্মবিরতি প্রত্যাহার করার পর শিক্ষার্থীদের ক্লাসে যোগ দিতে বলা হয়েছে।
শিক্ষক সমিতি জানিয়েছে, তাদের দাবি অনুযায়ী কয়েকজনের বিরুদ্ধে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় সোমবার সমিতি একাডেমিক কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেছে।
শিক্ষক সমিতির আহবায়ক অধ্যাপক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সমিতির সর্বসম্মতিতে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর মধ্য দিয়ে প্রায় আড়াই মাসের বেশি সময় ধরে সৃষ্ট অচলাবস্থার অবসান হলো।
গত ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খোলার দিন কিছু ছাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছিত করে। এর প্রতিবাদে শিক্ষক সমিতি ১২ জানুয়ারি থেকে একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার কর্মসূচি শুরু করে।
এর আগে ৪ নভেম্বর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থীদের পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহযোগিতার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তিন ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের পর ৫ জানুয়ারি থেকে ছাত্র ধর্মঘট শুরু হয়।
এদিকে কোতোয়ালি থানার ওসি এস এম খালেকুজ্জামান জানান, রোববার রাতে পুলিশের হাতে আটক হাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েল, জিয়া হল শাখার সভাপতি জাহিদ হাসান, সদস্য প্রত্যুষ, মাহমুদুল হাসান মিল্টনকে কারাগারে পাঠানো হয়েছে।
তাদেরকে শিক্ষক লাঞ্ছিত করা, কর্মচারীদের মারপিটসহ বিভিন্ন অভিযোগে কোতোয়ালি থানায় রেজিস্ট্রার কর্তৃক দায়ের করা মামলার গ্রেপ্তার দেখানো হয় বলে জানান তিনি।
