২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব সংগঠন আইন চূড়ান্ত

যুব সংগঠনের নিবন্ধনের শর্ত ভঙ্গে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকার জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখে একটি আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 04:54 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

কোনো যুব সংগঠন ‘গুরুতর’ অনিয়ম করলে তা বিলুপ্ত করার বিধানও রাখা হয়েছে খসড়ায়।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘যুব সংগঠন (নিবন্ধন ও নিয়ন্ত্রন) আইন, ২০১৫’এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, এই আইন পাস হলে যুব উন্নয়ন অধিদপ্তর যুব সংগঠনগুলোর নিবন্ধন করবে। আগে এ কাজ করত সমাজ সেবা অধিদপ্তদর।

তিনি বলেন, “এ আইনে নিবন্ধনের জন্য আবেদনের নিয়ম, শর্ত পালন, শর্ত ভঙ্গের শাস্তি ইত্যাদি বিষয় থাকছে। নিবন্ধন ছাড়া কেউ যুব সংগঠন করলে শাস্তির আওতায় আসবে।

“কোনো যুব সংগঠন গুরুতর অনিয়ম করলে তা বিলুপ্ত করার বিধান রাখা হয়েছে খসড়ায়। তবে কোনো সংগঠন স্বেচ্ছায় বিলুপ্ত হতে পারবে না। এজন্যও অনুমোদন লাগবে।”

সরকার ইচ্ছা করলে এ আইন কার্যকর করতে বিধি প্রণয়ন করতে পারবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

সংঠনগুলোকে সহযোগিতা ও সমন্বয় সাধনের জন্য একটি জাতীয় যুব কাউন্সিল করা হবে।

বর্তমানে প্রায় ১৪ হাজার নিবন্ধিত যুব সংগঠন রয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এ আইন সংসদে পাস হওয়ার পর কার্যকর হলে ৬ মাসের মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক থেকে স্বীকৃতি বা সার্টিফিকেট নিতে হবে।”

মন্ত্রিসভা নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (নওপাজেকো) লিমিটেড বাংলাদেশ এবং চায়না মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন (সিএমসি) চায়না-এর যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল)’ গঠনের ভূতাপেক্ষ অনুমোদন দেয়।

গত বছর ৯ জুন বাংলাদেশ ও চীনের সাথে এ চুক্তি হয় এবং নিয়ম অনুযায়ী তা মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।