চুয়াডাঙ্গায় হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়া গ্রামের কৃষক রবিউল ইসলাম হত্যা মামলায় ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের তজু মন্ডলের ছেলে জালু মন্ডল (২৬), হায়দার আলীর ছেলে রতন আলী (৩২), দুলু মন্ডলের ছেলে তুফান মন্ডল (২৮), মৃত মহির উদ্দিনের ছেলে বকুল উদ্দিন (৩৫), টেইপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে রুস্তম হোসেন (৩৪) এবং আকন্দবাড়িয়া গ্রামের আরিফ হোসেন (২৮)।
এদের মধ্যে আরিফ হোসেন পলাতক রয়েছেন।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অভিযুক্ত দুই আসামিকে খালাস দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার পাবলিক প্রসিকিউটর (পিপি) শামসুজ্জোহা জানান, ২০০৭ সালের ৪ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে আকন্দবাড়িয়া গ্রামের মকছেদ আলীর ছেলে রবিউল ইসলাম (৪২) বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি।
পরদিন সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে জামতলা এলাকায় তার গলাকাটা লাশ পাওয়া যায়।
এ ঘটনায় ওইদিনই রবিউলের ভাই নজরুল ইসলাম চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০০৭ সালের ১২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুবাস সরকার আট জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
