চট্টগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ল বসতঘর-দোকান
বন্দরনগরী চট্টগ্রামের পাঁচলাইশে অগ্নিকাণ্ডে তিনটি সেমিপাকা বসতঘর ও যন্ত্রাংশের একটি দোকান পুড়ে গেছে।
আগুনে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক জসিম উদ্দিন জানান, সোমবার সকাল ৮টার দিকে পাঁচলাইশের পূর্ব নাসিরাবাদে রুবি ফটকের কাছের এলাকায় এ অগ্নিকাণ্ড হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে স্থানীয় নূরুল আলম লেদু নামে এক ব্যক্তির বসতঘর থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি।
