২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে যুবলীগ নেতা খুন

জামালপুরের সরিষাবাড়িতে স্থানীয় এক যুবলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 04:30 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

সোমবার দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের মেদুর গ্রামের একটি পুকুরের টং ঘর থেকে মো. মনিরুজ্জামানের (২৮) লাশ উদ্ধার করে পুলিশ।

মনিরুজ্জামান মেদুর গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ছেলে এবং পিংনা ইউনিয়ন যুবলীগের সদস্য।

সরিষাবাড়ি উপজেলা যুবলীগের সভাপতি মন্টু লাল তেওয়ারি তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন।

সরিষাবাড়ি থানার ওসি বিল্লাল হোসেন জানান, গ্রামে রেলের একটি পরিত্যক্ত পুকুরে মাছ চাষ করতেন মনিরুজ্জামান। রোববার রাতে ওই পুকুরপাড়ে টং ঘরেই ছিলেন তিনি।

রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে হত্যার পর লাশ ওই ঘরের ভেতর ফেলে রাখে।

দুপুরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় বলে জানান ওসি বিল্লাল।