মিরপুরে ফার্নিচারের দোকানে আগুনে পুড়ে নিহত ১
রাজধানীর মিরপুরে ফার্নিচারের দোকানের অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে ১১১ নম্বর দক্ষিণ মণিপুরের তিনটি ফার্নিচারের দোকান আগুনে পুড়ে যায়।
নিহত রিপন পুড়ে যাওয়া কোনো একটি ফার্নিচারের দোকানের কর্মী ছিল বলে স্থানীয়রা জানিয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন সরকার জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১১টার দিকে আনিস, সিদ্দিক ও মামুনের মালিকাধীন ওই তিন দোকানের আগুন নেভায়। এরপর একটি পুড়ে যাওয়া এক দোকানের ভেতর থেকে একজনের দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।
তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।
স্থানীয়রা জানান, রিপন বিশ্ব ইজতেমায় অংশ নিয়ে দুপুরে ফিরে দোকানের ভেতরে ঘুমিয়ে ছিল।
