গাজীপুরে শিশু অপহরণ, মুক্তিপণ দাবি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে এক শিশুকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।
আন্ধারমনিক পশ্চিমপাড়া থেকে গত বুধবার (১৪ জানুয়ারি) মো. নীরব (০৪) নামের শিশুটিকে অপহরণ করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার হোগলা গ্রামের সাহেব আলীর ছেলে।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম অপহৃতের পরিবারের বরাত দিয়ে জানান, আন্দারমানিক পশ্চিমপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে স্ত্রী ও ছেলে নীরবকে নিয়ে থাকেন সাহেব আলী। স্থানীয় কারখানায় চাকরি করেন তার স্ত্রী রাজিয়া সুলতানা।
গত বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে নীরব নিখোঁজ হয়।
এ ঘটনায় ওইদিনই তার বাবা সাহেব আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
অপহরণের দুইদিন পর শুক্রবার রাত আড়াইটার দিকে ০১৮৬৭-৮৩৮০৪২ মোবাইল ফোন নম্বর থেকে শিশুটির বাবা সাহেব আলীর মোবাইল ফোনে মুক্তিপণ বাবদ দুইলাখ টাকা দাবি করে অপহরণকারীরা।
মুক্তিপণের টাকা না দিলে ছেলেকে মেরে ফেলার হুমকি দেয় তারা।
পরিদর্শক রফিকুল ইসলাম জানান, অপহরণকারীদের মোবাইল ফোনের সূত্র ধরে শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।
