চট্টগ্রামে খালি বাসে আগুন, বোমাসহ আটক ২
চট্টগ্রাম বন্দর নগরীর পাহাড়তলী থানার বিটাক এলাকায় দাঁড়িয়ে থাকা একটি খালি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আলাদা ঘটনায় বাকলিয়া থেকে হাতবোমা ও প্রেট্রোল বোমাসহ দুজনকে আটক করা হয়।
পাহাড়তলি থানার ওসি একেএম আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউনিক সার্ভিসের ওই বাসটি বিটাকের আলিফ গলিতে দাঁড় করানো ছিল। রোববার রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা খালি বাসটিতে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেয়। এতে কেউ হতাহত হয়নি।
এঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি বলে ওসি আজিজুর।
দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বাসের আগুন নিয়ন্ত্রণে দুটি গাড়ি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।
রাতে বাকলিয়া থানার ইছাইক্যার পুল এলাকা থেকে দুটি পেট্রোল বোমা ও একটি ককটেলসহ দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার রাত আটটার দিকে কবির হোসেন (১৮) ও সোহেল (১৮) গ্রেপ্তার হয়।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইছাইক্যার পুল এলাকায় নাশকতার জন্য আসা দুই শিবিরকর্মীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি পেট্রোল বোমা ও একটি ককটেল উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার রাতে নগরীর বিশ্ব কলোনি এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় এক রিকশাচালকের দুই হাত ও পা পুড়ে যায়।
এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর সার্সন রোড এলাকায় ককটেলসহ এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
