‘আইসো বাহে বাঁধি জোট, নদের ভাঙ্ন করি রোধ’
কুড়িগ্রাম সদরে দুধকুমোর নদের ভাঙন রোধে স্বেচ্ছাশ্রমে বাঁশের বাঁধ দেওয়ার কাজ শুরু করেছে এলাকাবাসী।
‘আইসো বাহে বাঁধি জোট, নদের ভাঙন করি রোধ’ এ স্লোগান নিয়ে রোববার উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ছয় গ্রামের বাসিন্দা এ কাজে যোগ দেন।
এর উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক এবিএম আজাদ। এ সময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. তবারক উল্লাহ, উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহাম্মেদ প্রমুখ।
স্থানীয় বাসিন্দা সাখাওয়াত হোসেন, সাহের আলী, কবির হোসেন জানান, গত তিন বছর থেকে দুধকুমোর নদের ভাঙনে যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর থেকে পাঁচগাছি ইউনিয়নের গোবিন্দপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকা নদে বিলীন হয়েছে।
সেইসঙ্গে এসব এলাকায় পানি উন্নয়ন বোর্ডের দুই কিলোমিটার বাঁধ, এক কিলোমিটার কাঁচা সড়ক, স্কুল ও মসজিদ নদীতে ভেঙে গেছে।
এতে তিন হাজার পরিবার বসতভিটা ও ফসলি জমি হারিয়ে এখন নিঃস্ব।
এলাকার ইউপি সদস্য এরশাদুল হক ও মাহাবুবার রহমান বলেন, স্থানীয় মানুষ ভাঙন রোধে যাত্রাপুর থেকে ১০ কিলোমিটার হেঁটে কুড়িগ্রাম শহরে গিয়ে মিছিল মিটিং, সমাবেশ, মানববন্ধন করে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে স্মারকলিপি দিলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
তাই বাধ্য হয়ে অসহায় মানুষ এ শুকনো মৌসুমে ঐক্যবদ্ধ হয়ে দুই হাজার বাঁশ, পাঁচ হাজার বালুর বস্তা ও এক লক্ষ টাকা সংগ্রহ করে ভাঙন রোধে কাজ শুরু করেছে।
এ কাজের উদ্যোক্তা সাহাদাৎ হোসেন মাস্টার বলেন, এলাকাবাসীর যার যা সামর্থ্য আছে তাই দিচ্ছে। যাদের কিছুই নাই তারা শ্রম দিচ্ছে। অনেক নারী বস্তায় বালু ভরার কাজ করছেন।
এ প্রসঙ্গে যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, বর্তমান নদের পানি অনেকটা শুকিয়ে গেছে। প্রথমে পাঁচশ’ ফুটের মধ্যে দুই লাইন করে বাঁশ গেড়ে দেওয়া হবে। মাঝে মাঝে পুঁতে দেওয়া হবে গাছ। এরপর দুই পাশে এবং মাঝে বালুর বস্তা ফেলা হবে।
এক মাসের মধ্যে কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
