আসছে মৃদু শৈত্যপ্রবাহ
মাঘের শুরুতে শিলাবৃষ্টির পর মেঘলা আবহাওয়া চলতে পারে আরও দুদিন। মঙ্গলবার থেকে ঢাকাসহ চার বিভাগে মৃদু শৈত্যপ্রবাহের আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক সানাউল হক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদিন ধরে দেশের বিভিন্নস্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তাপমাত্রাও কিছুটা কমেছে। মেঘলা আকাশে সূর্যের দেখাও মেলেনি কোথাও।
“দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় শীত অনভূত হচ্ছে বেশি। এমন পরিস্থিতি আরও দুদিন থাকবে”, বলেন এ আবহাওয়াবিদ।
এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকা, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।
তবে চট্টগ্রাম বিভাগ সারা দেশের তুলনায় খানিকটা উষ্ণ। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
সানাউল হক জানান, আগামী দুদিনে দেশের বিভিন্ন অঞ্চলে দিন ও রাতে বাতাসের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আর মঙ্গলবার ঢাকা, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে শুরু হতে পারে মৃদু শৈত্যপ্রবাহ।
শৈত্যপ্রবাহে দিনের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তিন দিন পর বৃহস্পতিবার থেকে রাতের তাপমাত্রা বাড়তে পারে।
রোববার আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মাঝ রাত থেকে দুপুর পর্যন্ত সময়ে দেখা দিতে পারে মাঝারি থেকে ঘন কুয়াশা।
