বৃষ্টির পর শীত বাড়ার আভাস
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে মাঘের প্রথমার্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে।
এতে টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিসহ সাধারণ মানুষ সাময়িক ভোগান্তিতে পড়লেও এই বৃষ্টিকে স্বাভাবিক বলছে আবহাওয়া অধিদপ্তর।
বৃষ্টির পর রোববার থেকে সারাদেশে শীত বাড়ার সঙ্গে সঙ্গে এ মাসে কয়েকটি শৈত্যপ্রবাহেরও আভাস দিয়েছে অধিদপ্তর।
শনিবার ভোর রাতে ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় কক্সবাজারের কুতুবদিয়ায় ১৯ মিলিমিটার।
চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের (৭-১৩ মিলিমিটার) সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. রাশেদুজ্জামান বলেন, “শনিবারও কয়েকটি এলাকায় গুঁড়ি গুঁড়ি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার থেকে একটু শীত বাড়তে পারে।”
আবহাওয়া অফিস জানায়, বর্তমানে লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আবহাওয়ার রোববারের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দিই/এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য স্থানে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন এবং দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র এবং অন্যান্য স্থানে দুই থেকে তিনটি টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
