২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু গৃহকর্মীকে নির্যাতন, গৃহবধূ হাজতে

ফেনীতে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নাজমুল হক শামীম

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 04:47 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

শনিবার রাতে আটক সোহানা আক্তার প্রিয়া (২৬)শহরের পেট্রোবাংলা এলাকার মাহি হাউজের নজরুল ইসলাম রানার স্ত্রী।

রোববার দুপুরে আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।

নির্যাতনের শিকার শারমিন (১১) কুমিল্লার গোবিন্দপুরের মো. রিপনের মেয়ে। তাকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

শারমিনের মা জেসমিন আক্তার জানান, শারমিনকে কুমিল্লার গোবিন্দপুর একটি পরিবারে গৃহকর্মী হিসেবে দেন। ওই ঘরের মেয়ে প্রিয়া আক্তারের বিয়ে হলে দুই বছর আগে শারমিনকে নিয়ে প্রিয়া ফেনী শহরের পেট্রোবাংলা এলাকার মাহি হাউজে নিয়ে যান।

ঠিকাদার স্বামী নজরুল ইসলামসহ প্রিয়া আক্তার প্রায়ই নানা অজুহাতে শারমিনের উপর নির্যতন চালাতেন।

তারা শারমিনের শরীরে কখনও গরম খুন্তির ছেঁকা বা কখনও ফুটন্ত গরম পানি ঢেলে দিতেন।

জেসমিন আক্তার অভিযোগ করেন, শনিবার রাতে শারমিনের শরীরে গরম পানি ঢেলে দিলে প্রতিবেশীরা ঘটনাটি পুলিশকে জানান। পরে পুলিশ ওই বাসা থেকে শারমিনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে হাসপাতালে পাঠায়।

হাসপাতালে শিশু শারমিন জানায়, সামান্য ভুল-ত্রুটি কিংবা কাজে অমনোযোগী হলেই মালিক ও তার স্ত্রী তার শরীরে খুন্তির ছেঁকা ও গরম পানি ঢেলে দিতেন।

এ ব্যাপারে ফেনী মডেল থানায় গৃহকর্ত্রী সোহানা আক্তার প্রিয়ার কাছে জানতে চাইলে তিনি নির্যাতনের কথা অস্বীকার করেন।

তিনি সাংবাদিকদের বলেন, বাসার একটি তালা ভাঙার অপরাধে তার স্বামী তাকে (গৃহকর্মী) সামান্য চড় থাপ্পড় দিয়েছেন মাত্র। এলাকার সন্ত্রাসীদের চাঁদা দেওয়া হয়নি বলে তারা এ অজুহাতে তাকে (প্রিয়া) পুলিশে দিয়েছে।

ফেনী সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ গোলাম মাওলা জানান, শিশুর শরীর, মুখ, গলা ও পিঠে ছেঁকার ও আঘাতের চিহ্ন রয়েছে।

ক্ষতস্থান শুকাতে অনেক সময় লাগবে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে ঢাকা তাকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে বলে জানান আরএমও। 

ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, রোববার সকালে গৃহকর্মী শারমিনের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে প্রিয়া আক্তারকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠনো হয়েছে।

ঘটনার পর থেকে প্রিয়ার স্বামী নজরুল ইসলাম রানা পলাতক রয়েছেন বলে জানান ওসি।