২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১০

কুমিল্লায় ২০ দলের ডাকা হরতাল চলাকালে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 04:23 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

রোববার দুপুর ১২টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে এ সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।  

এ সময় বিএনপির দক্ষিণ জেলা কার্যালয় ভাংচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস শেল ছুড়েছে।

দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া জানান, দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা অবস্থান করছিলেন।

এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ২০ দলের নেতা-কর্মীদের উপর হামলা চালায় এবং বিএনপি কার্যালয় ভাংচুর করে।

আওয়ামী লীগের হামলায় বিএনপির ১০ নেতা-কর্মী আহত হন বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক আনিসুর রহমান মিঠু বলেন, বিএনপি নেতাকর্মীরা তাদের হরতাল বিরোধী মিছিলে হাতবোমা ছুড়লে উত্তেজনার সৃষ্টি হয়।

এ বিষয়ে কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর) জাহাঙ্গীর আলম জানান, কান্দিরপাড় এলাকায় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের এক এসআই, এক কনস্টেবল ও হাবিলদার আহত হন।

এ ঘটনায় পুলিশ ৪৫ রাউন্ড রাবার বুলেট, ৫০ রাউন্ড শটগানের গুলি ও ২০ রাউন্ড টিয়ার শেল ছোড়ে।

এছাড়া চকবাজারেও এ দুদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

জাহাঙ্গীর আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

কুমিল্লায় শনিবার রাত থেকে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, নাশকতা এড়াতে তাদের আটক করা হয়েছে। তাদের সবার নামে জেলার বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে।

শনিবার রাত থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয় বলে তিনি জানান।