২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তি এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী এক শিক্ষিকার মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও চারজন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 01:36 PM

Updated : 25 Apr 2022, 12:54 PM

নিহত উম্মে তামিমা (৪০) সূচিপাড়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। তিনি চাঁদপুর সদর উপজেলার হামানকর্দি গ্রামের শাহ আলমের স্ত্রী।

শাহরাস্তি থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে দোয়াভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা হয়।

“ওই অটোরিকশায় করে আরোহীরা চাঁদপুর থেকে শাহরাস্তি আসছিলেন। পথে দোয়াভাঙ্গা এলাকায় বিপরীতমুখী একটি গমের ট্রাক ধাক্কা দিলে অটোরিকশাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তামিমা মারা যান।”

দুর্ঘটনার পর সূচিপাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা ট্রাক ও অটোরিকশা চালকের শাস্তির দাবিতে থানায় সামনে প্রায় এক ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

ট্রাক ও অটোরিকশা আটক করা হলেও দুই চালক পলাতক বলে জানান ওসি।

আহত চারজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।