রেললাইনে পা আটকে প্রাণ গেল যুবকের
টঙ্গীতে রাস্তা পার হওয়ার সময় রেললাইন লাইনে পা আটকে যাওয়ার পর ঢাকাগামী একটি কনটেইনারবাহী ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির এএসআই মো. জিয়াউর রহমান জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী স্টেশন সংলগ্ন শহীদ আহসান উল্লাহ মাস্টার ফ্লাইওভারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের পরিচয় জানা যায়নি। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এএসআই জিয়া জানান, ট্রেন আসতে দেখে দ্রুত রেললাইন পার হওয়ার চেষ্টা করতে গিয়ে লাইনে ওই যুবকের পা আটকে যায়। কনটেইনারবাহী ট্রেনটি তার ওপর দিয়েই চলে যায়।
“এতে তার দেহ চার টুকরো হয়ে যায়। একটি পা রেলের দুই পাতের সংযোগস্থলেই আটকে ছিল।”
নিহতের পরনে নীল-হলুদ চেক লুঙ্গি ও নেভি ব্লু গেঞ্জি ছিল। তবে তিনি ইজতেমায় যাচ্ছিলেন কি-না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
