২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসে আগুন দেওয়ার সময় ধরে পিটুনি

বিরোধী জোটের টানা অবরোধের মধ্যে গাড়িতে আগুন দেওয়ার ধারাবাহিক ঘটনায় তাৎক্ষণিক প্রতিরোধে এগিয়ে এসেছে জনসাধারণ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 01:03 AM

Updated : 22 Aug 2022, 11:30 AM

অবরোধের দ্বাদশ দিনে শনিবার সন্ধ্যায় রাজধানীতে এক অগ্নিসংযোগকারী এক যুবককে হাতেনাতে আটক করে জনতা।

মিরপুরের টেকনিক্যাল মোড়ে ধরার পর ওই যুবককে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

মিরপুর থানার ওসি সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় আঙ্গুর (২৫) নামে ওই যুবককে সাধারণ জনগণ ধরে ফেলে।

“সে টাকার বিনিময়ে গাড়িতে আগুন দেওয়ার দায়িত্ব নিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এই ঘটনার কিছু আগেই একই জায়গায় জনসেবা পরিবহনের একটি বাস জ্বালিয়ে দেওয়া হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাড়ে ৬টার দিকে তিন যুবক টেকনিক্যাল মোড়ে ওই বাসে আগুন দিলে লোকজন ধাওয়া করে একজনকে ধরে ফেলে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা দাবি করে আসছেন, বিএনপি তাদের কর্মসূচি সফলে নাশকতার জন্য ‘আউটসোর্সিং (লোক ভাড়া)’ করছে।

অন্যদিকে অবরোধ আহ্বানকারী বিএনপি নেতাদের দাবি, সরকার জনগণকে বিভ্রান্ত করতে পরিকল্পিতভাবে গাড়ি পোড়ানোর মতো ঘটনাগুলো ঘটাচ্ছে।

অবরোধের মধ্যে হরতাল চলাকালে বৃহস্পতিবার রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে গাড়ি ভাংচুরের সময় ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমানসহ তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালত তাদের তিন মাসের কারাদণ্ড দেয়। অন্য দুজন হলেন ঢাকা কলেজ ছাত্রদলের সহ বিজ্ঞান সম্পাদক হাবিবুর রহমান ও কর্মী মিজানুর রহমান।

সেদিন সকালে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় ইসলামী ছাত্রশিবিরকর্মী আলী আজগরকে আটকের পর তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্ত আজগর সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা। মাসখানেক আগে নাশকতা সৃষ্টির উদ্দেশ্য নিয়েই সাতক্ষীরা থেকে তিনি গাজীপুরে আসেন বলে পুলিশের দাবি।

অবরোধের মধ্যে গত ১২ দিনে বাসে অগ্নিসংযোগে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে রংপুরে একটি বাসের পাঁচ যাত্রী পুড়ে মারা যান গত ১৪ জানুয়ারি।