সাভারে কূপে নেমে ২ শ্রমিকের মৃত্যু
ঢাকার সাভার উপজেলায় পরিত্যক্ত একটি গভীর কূপ পরিস্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় বলিয়ারপুরের নগরকোন্ডা দক্ষিণ দাসপাড়া এলাকার হাজী মোহাম্মদ আলীর বাড়িতে এঘটনা ঘটে।
সাভার দমকল বাহিনীর স্টেশন অফিসার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ৩৫ ফুট গভীর পরিত্যক্ত কুপটিতে অক্সিজেনের অভাবে তারা জ্ঞান হারিয়ে পানিতে ডুবে মারা যেতে পারেন। নিহত দুজনেরই বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।
বাড়ির মালিক হাজী মোহাম্মদ আলী জানান, শনিবার সকালে নিজ বাড়ির পরিত্যক্ত কূপ পরিষ্কার করতে হেমায়েতপুর থেকে দুই দিনমজুরকে ভাড়া করেন। দুপুর পর্যন্ত তারা বেশ কিছু মাটি ও আর্বজনা পরিস্কার করে উপরে উঠায়। পরে আবারও কূপের মধ্যে নেমে প্রথমে একজন নিখোঁজ হয়। তাকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয় আরেক জন।
পরে সাভার ফায়ার সার্ভিস খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে উপস্থিত হলেও কূপের ব্যাস কম হওয়ায় উদ্ধার কাজ করতে পারেনি। পরে ঢাকা থেকে দমকল বাহিনীর সদস্যরা এসে মৃত অবস্থায় তাদের উদ্ধার করে।
সাভার মডেল থানার ওসি মোতালেব মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতদের কোনো পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
