জুলাই থেকে ইজারাদারমুক্ত হবে ১১ ফেরিঘাট: নৌমন্ত্রী
দেশের বিভিন্ন নদ-নদীর ১১টি ফেরিঘাট আগামী জুলাই থেকে ইজারাদারমুক্ত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড়ে মেরামত শেষে একটি ফেরির হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। কেরামত আলী নামে ওই ফেরি মেরামত করে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস।
নৌপরিবহন মন্ত্রী বলেন, “শেখ হাসিনার সরকার ইজারাদারি, চাঁদাবাজি ও হয়রানি পছন্দ করে না। আগামী পহেলা জুলাই থেকেই দেশের ১১টি ফেরিঘাট ইজারাদারমুক্ত করা হবে।”
এ সময় ফেরি ও ড্রেজার নির্মাণে সরকারের সাফল্যের কথাও তুলে ধরেন তিনি।
শাজাহান খান বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সরকারিভাবে ১৪টি ড্রেজার ও ১৭টি ফেরি নির্মাণ করেছে। বেসরকারিভাবে নির্মাণ করা হয়েছে আরও ২৫টি ড্রেজার।”
বক্তব্যে নৌপরিহন মন্ত্রী বিএনপিসহ ২০ দলীয় জোটের লাগাতার অবরোধের সমালোচনা করেন।
তিনি বলেন, “বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনের নামে সশস্ত্রভাবে মানুষের ওপর ঝাঁপিয়ে পড়লেন। তিনি ক্ষমতায় যাওয়ার জন্য শেখ হাসিনকে হত্যার ষড়যন্ত্র করছেন।”
ডকইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম খুরশিদ মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান এবং নৌপরিবহন করপোরেশনের চেয়ারম্যান মিজানুর রহমান বক্তব্য রাখেন।
