বগুড়ায় পুলিশের দিকে হাতবোমা, ট্রাকে আগুন
বিএনপিসহ ২০ দলের টানা অবেরাধের দ্বাদশ দিনে বগুড়া শহরে পুলিশের দিকে হাতবোমা ছোড়ার এবং ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার সকালে শহরের মাটিডালি ও দুপুরে ঝোপগাড়ি এলাকায় এ দুই ঘটনায় কেউ হতাহত হননি।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানান, সকালে মাটিডালি এলাকায় মহাসড়কে ব্যারিকেড দেওয়ার সময় বাধা পেয়ে অবরোধকারীরা পুলিশের দিকে চার/পাঁচটি হাতবোমা ছোড়ে। এসয় পুলিশ কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
এসময় অবরোধকারী ও পুলিশের মধ্যে ইট-পাটকেল ছোড়াছুড়ি চলতে থাকে; এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টার ধাওয়ার ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) নূর-ই আলম সিদ্দিকী জানান, এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১৪ জনকে আটক করে।
এদিকে দুপুরে শহরের ঝোপগাড়ি এলাকায় একটি সুজিবোঝাই ট্রাকে আগুন দেওয়ার খবর পেয়ে পানি ও বালু ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
এদিকে বিকেলে বগুড়ার সদর থানার সামনে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
পরিদর্শক নূর-ই আলম বলেন, থানার সামনে তিনটি হাতবোমার বিস্ফোরণ হয়েছে। তবে কারা করেছে তা এখনই জানা যায়নি।
