চট্টগ্রামে যুবকের হাত বাঁধা লাশ
চট্টগ্রাম নগরীতে হাত বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে বন্দর থানার ধুমপাড়া বেড়িবাঁধ এলাকায় লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
বন্দর থানার ওসি জাহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুবকটির হাত পেছনে নিয়ে বাঁধা এবং গলায় রশি পেঁচানো ছিল।
নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ আছে বলেও জানান তিনি।
বন্দর থানার এসআই মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনুমানিক ২৮ থেকে ৩০ বছর বয়সী যুবকটি ফুল প্যান্ট ও ফুল হাতা শার্ট পরিহিত ছিল।
বাইরের কোনো স্থানে হত্যা করে রাতের কোনো এক সময়ে বেড়িবাঁধে লাশ ফেলে রেখে যাওয়া হয় বলে পুলিশের ধারণা।
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এবং পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।
