২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দ হালদারকে চিরদিন স্মরণ করবে জাতি: প্রধানমন্ত্রী

স্বাধীন বাংলা বেতারের গীতিকার ও সুরকার গোবিন্দ হালদারের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের কাছে চির স্মরণীয় থাকবেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 03:25 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

মুক্তিযুদ্ধের সময় অনুপ্রেরণা যোগানো অনেক গানের এই স্রষ্টার মৃত্যুতে শনিবার এক শোকবাণীতে শেখ হাসিনা বলেন, “খ্যাতিমান এই গীতিকারের মৃত্যুতে বাংলাদেশের মানুষ তাদের একজন অকৃত্রিম বন্ধুকে হারাল।

“আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় প্রয়াত এই গীতিকারের লেখা ও সুরারোপিত গান যেমনিভাবে মুক্তিযোদ্ধাদের উদ্দীপ্ত করেছিল তেমনি সে সময়ের অবরুদ্ধ দেশবাসীকেও মুক্তির প্রেরণায় উজ্জীবিত করেছিল। বাংলাদেশের মানুষ চিরদিন তাকে গভীর শ্রদ্ধা ও ভালবাসার সাথে স্মরণ করবে।”

গোবিন্দ হালদারের আত্মার শান্তি কামনা করে তার শোকার্ত পরিবারের সদস্য, ভক্ত ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

শনিবার সকালে কলকাতার মাণিকতলায় জেএন রায় সেবা ভবন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোবিন্দ হালদার, যার রচিত গান বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতারে সম্প্রচারিত হয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে।

‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’- কালজয়ী এই গান ছাড়াও ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’র মতো সাড়া জাগানো গানেরও রচয়িতা গোবিন্দ হালদার।