গাড়িসহ পুড়িয়ে মারার মামলায় কালিয়াকৈরের মেয়র
গাড়িতে অগ্নিসংযোগে দগ্ধ চালক সহকারীর মৃত্যুর মামলায় গাজীপুরের কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমানসহ বিএনপি অর্ধশত নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার মহিষবাথান বটতলা এলাকায় গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়।
এতে বাসে ঘুমিয়ে থাকা চালকের সহকারী তোফাজ্জল হোসেন পুড়ে মারা যান এবং বাসটির প্রায় পুরোটা ভস্মীভূত হয়।
ওই ঘাটনায় বৃহস্পতিবার রাতে এসআই মিজানুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় আসামিদের মধ্যে মেয়র মাজিবুর রহমান ছাড়াও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পারভেজ আহাম্মেদসহ ৩৪ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া অজ্ঞাত পরিচয় আরও ১০-১৫ জনকে আসামি করা হয়।
পরিদর্শক রফিকুল ইসলাম আরও জানান, পুলিশ শুক্রবার সকালে শহিদুল ইসলাম নামে এক বিএনপিকর্মীকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
