গোবিন্দগঞ্জের দুর্ঘটনায় আরেকজনের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মহেষ লাল (৩৫) মারা যান। তিনি বগুড়ার গাবতলীর কাগোইল গ্রামের আকালু লালের ছেলে।
এ নিয়ে ওই সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুই জন মারা গেল।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ জানান, বৃহস্পতিবার রাতে আহত মহেষ লালকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে সকালে শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জের চাপড়িগঞ্জ এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে মাহিন নামে এক শিশুর মৃত্যু হয়। এছাড়া অ্যাম্বুলেন্স চালকসহ পাঁচ জন আহত হন।
আহত অন্যরা বর্তমানে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওসি মাসুদ পারভেজ।
এরা হলেন, অ্যাম্বুলেন্স চালক আব্দুল আউয়াল (২৩), শাহাদৎ হোসেন (২৫), আব্দুল বাসেত (৩০)ও নিহত মাহিনের মা মাছুমা বেগম (৩০)।
