২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীরবেই আদালতে ঘুরে গেলেন বিদায়ী প্রধান বিচারপতি

চাকরির মেয়াদের শেষ দিনে সাপ্তাহিক ছুটির মধ্যে নীরবেই নিজের কর্মস্থলে ঘুরে গেলেন বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, যিনি গত প্রায় চার বছর বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয়ের নেতৃত্ব দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 06:27 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

পুরনো খবর:

‘যুগান্তকারী রায়ে স্মরণে থাকবেন বিচারপতি মোজাম্মেল’

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কুদ্দুস জামান জানান, বিদায়ী প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন শুক্রবার দুপুরে তার নিজের কার্যালয়ে আসেন। ব্যক্তিগত ফাইলপত্র গুছিয়ে নিয়ে তার জন্য বরাদ্দ নতুন কক্ষে নিয়ে রাখেন।

“প্রধান বিচারপতি হিসাবে দেওয়া রায়গুলোর পূর্ণাঙ্গ রায় লেখা শেষ হওয়া পর্যন্ত তিনি ওই কক্ষটি ব্যবহার করবেন। কাজ শেষে বিকাল সোয়া ৩টার দিকে তিনি আদালত এলাকা ত্যাগ করেন।”

আইনজীবী ও বিচারক হিসাবে ৩৬ বছর বাংলাদেশের উচ্চ আদালতে কর্মরত ছিলেন মোজাম্মেল হোসেন। তিনি প্রধান বিচারপতির দায়িত্বে আসেন ২০১১ সালের ১৮ মে।

 

শুক্রবার পর্যন্ত চাকরির মেয়াদ থাকলেও তার আগে শেষ কর্মদিবস বৃহস্পতিবার বিচারপতি মোজাম্মেল হোসেনকে আদালতে রীতি অনুযায়ী বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

কুদ্দুস জামান বলেন, “আজ কোনো আনুষ্ঠানিকতা ছিলো না। ছুটির দিন হওয়ায় মাত্র কয়েকজন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।”

১৯৪৮ সালের ১৭ জানুয়ারি জন্মগ্রহণকারী মোজাম্মেল হোসেন ১৯৯৮ সালের ২৭ এপ্রিল হাই কোর্টের বিচারক হওয়ার পর ২০০৯ সালের ১৬ জুলাই আপিল বিভাগে আসেন।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহা ইতোমধ্যে নতুন প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছেন। শনিবার শপথ শেষে তার দায়িত্ব নেওয়ার কথা।