২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঠবাড়িয়ায় বাজারে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির ও বসতবাড়িসহ ২৫টি স্থাপনা পুড়ে গেছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 05:33 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

বৃহস্পতিবার রাতে কাপুড়িয়া পট্টি সড়কে একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডে শতবছরের একটি পুরনো মন্দির ভস্মীভূত হয়েছে।  

মঠবাড়িয়া, ভাণ্ডারিয়া, পাথরঘাটা ও কাঠালিয়া ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও স্থানীয় জনতা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মঠবাড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জানান, আগুনে মালামাল ও অবকাঠামো মিলিয়ে প্রায় সাত কোটি টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল করিম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আগুন ধরে। এতে মার্কেটের দুটি গলি ও পার্শ্ববর্তী বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় মার্কেটের দোকানপাট বন্ধ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। 

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে ভাণ্ডারিয়া, পাথরঘাটা ও কাঠালিয়া ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট ও স্থানীয় জনতা মিলে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, আগুনে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান, ৪টি বসতবাড়ি ও একটি শতবছরের পুরানো কালীমন্দির সম্পূর্ণ ভস্মীভূত হয়।  

শুক্রবার পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য একেএম আউয়াল, জেলা প্রশাসক মো. শামিমুল হক সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, পৌর মেয়র রফিউদ্দিন ফেরদৌস, সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তাৎক্ষণিকভাবে উপজেলা প্রসাশন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারে নগদ তিন হাজার করে টাকা, ৩০ কেজি করে চাল ও এক বান্ডিল করে ঢেউটিন বিতরণ করেছে।

এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও পৌর প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ২০ হাজার টাকা প্রদান করে।