২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০

তুচ্ছ একটি বিষয় নিয়ে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 08:58 AM

Updated : 12 Oct 2022, 03:11 PM

আহতদের মধ্যে ছাত্রলীগের জিয়াউর রহমান হল শাখার সভাপতি আবু সালমান প্রধান শাওনও রয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে কবি জসীম উদদীন হল শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে জিয়াউর রহমান হল শাখার নেতাকর্মীদের এ সংঘর্ষ হয়।

ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের মধ্য দিয়ে প্রায় সোয়া ঘণ্টা সংঘর্ষ চলার পর পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষে ৪০ জনের মতো আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।”

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

প্রসাব করা নিয়ে ছাত্রলীগের জিয়াউর রহমান হল শাখার সভাপতি শাওনের পক্ষের কর্মী ইমরান ও জসীম উদদীন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানার সঙ্গে বিতণ্ডার জের ধরে এ সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শী কয়েক শিক্ষার্থী জানান।

তারা জানান, ইমরান রাত ১২টার দিকে জসীম উদদীন হলে নাস্তা খেতে যান। এসময় প্রস্রাবের চাপ আসলে ওই হলের পাশে দাঁড়িয়ে প্রসাব করতে যান তিনি। ঘটনাটি দেখে জসীম উদদীন হলের ছাত্রলীগ নেতা রানা তাকে সতর্ক করলে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে ইমরানকে মারধর করা হয়।

এর জের ধরে রাত পৌনে ২টা থেকে দুই হলের ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। উভয় হলের ছাত্রলীগ নেতাকর্মীদের এ সময় রামদা, চাপাতি নিয়ে নামতে দেখা যায়। চলে ঘণ্টাব্যাপী ইট-পাটকেল নিক্ষেপ।

পরে রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্রলীগের জ্যেষ্ঠ কয়েক নেতা ঘটনাস্থলে আসেন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগ সভাপতি শাওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হঠাৎ হৈ চৈ শুনে হলের নিচে নেমে দেখি কবি জসীম উদদীন হল ও আমাদের হলের ছেলেদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।

“পরিস্থিতি এমন অবস্থায় গিয়েছিল যে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না।”

সংঘর্ষে শাওন ছাড়াও জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সহসভাপতি জাহিদ বিন জলিলসহ ২৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে সংগঠনের কর্মী নাজির, জহির, ফরহাদ, এহসান, রুস্তুম, সাদিক, বশির, রিয়াজ, লিমন, জুনায়েদ, সিজার, মুর, আশরাফ, ছোটন ও আরাফাতের নাম জানা গেছে।

গুরুতর আহত হয়ে রুস্তম ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন।

অন্যদিকে জসীম উদদীন হল শাখা ছাত্রলীগের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে মাহমুদ, জিতু, আশরাফুল, আসিফ, কাওসার, তানভীর ও সেজান মাহমুদের নাম জানা গেছে।