সেনাবাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: প্রধানমন্ত্রী
জনগণের সেবায় নিয়োজিত হয়ে তাদের আস্থা অর্জনের চেষ্টা চালাতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো অশুভ শক্তির মোকাবেলায় সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “জনগণের সমর্থন ও আস্থা ছাড়া একজন সৈনিক যুদ্ধে বিজয়ী হতে পারে না। জনগণই হচ্ছে দেশের শক্তি। সেনাবাহিনী হচ্ছে জনগণের অবিচ্ছেদ্য অংশ। এজন্য সকলের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন। এক্ষেত্রে জনগণের আস্থা অর্জন অত্যন্ত জরুরি।”
বৃহস্পতিবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাকান্দা গ্রামে ৫৫ পদাতিক ডিভিশনের শীতকালীন মহড়ার সমাপনী অনুষ্ঠান পরিদর্শন শেষে এক দরবারে এসব কথা বলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, “মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব ফুটে উঠেছে। আমি নিশ্চিত, আমাদের সেনাবাহিনী যে কোনো অশুভ শক্তির মোকাবেলা করতে প্রস্তুত এবং দেশের অখণ্ডতা রক্ষায় সক্ষম।”
স্বাধীনতার পর সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নে বঙ্গবন্ধুর উদ্যোগ স্মরণ করে তিনি বলেন, বঙ্গবন্ধু সেনাবাহিনীর জন্য উপযুক্ত নেতৃত্ব গড়ে তুলতে মিলিটারি একাডেমি প্রতিষ্ঠা করেন। ১৯৭৫ সালের ১১ জানুয়ারি তিনি প্রথম বিএমএ শর্ট কোর্সের ‘রাষ্ট্রপতি কুজকাওয়াজে’ সালাম গ্রহণ করেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পেশাগত কর্মকাণ্ডের পাশাপাশি দেশ ও জাতির প্রয়োজনে অর্পিত দায়িত্বও পালন করছে। গত নির্বাচনে দেশপ্রেমিক সেনাবাহিনী নিরপেক্ষ ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সহযোগিতা করেছে।
এছাড়া ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র, প্রাকৃতিক দুর্যোগ ও আশ্রয়ন প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তিনি।
সেনাবাহিনী কল্যাণ তহবিলের আয় বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীবলেন, তার সরকার ট্রাস্ট ব্যাংক ও হোটেল রেডিসন প্রতিষ্ঠা করেছে।
শীতকালীন প্রশিক্ষণ চলাকালে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও অন্যান্য জনহিতকর কাজের জন্য ৫৫ পদাতিক ডিভিশনের প্রশংসা করেন তিনি।
শেখ হাসিনা বলেন, বিশ্ববাসী আজ বাংলাদেশ সেনাবাহিনীকে একটি আধুনিক ও যুগোপযোগী সুশৃঙ্খল বাহিনী হিসেবে জানে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনী বিশেষ করে সেনাবাহিনীর অবদান আজ সর্বজনস্বীকৃত ও বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবস্থান এখন শীর্ষে।
বাংলাদেশ সেনাবাহিনীকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি আধুনিক ও সুসজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
পরে প্রধানমন্ত্রী দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী ও সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া উপস্থিত ছিলেন। এতে ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল এস এম মতিউর রহমান স্বাগত বক্তব্য দেন।
মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, সংসদ সদস্যবর্গ, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের কূটনীতিক এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
