২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছর ঘুরে আবার সেই নাশকতা উত্তরাঞ্চলে

যুদ্ধাপরাধে অভিযুক্তদের গ্রেপ্তার ও রায়ের পর জামায়াতে ইসলামী যে নাশকতা চালিয়েছিল এক বছর পর ঠিক একই ধরনের নাশকতা শুরু হয়েছে দেশের বিভিন্ন স্থানে।

বদরুল হাসান লিটন

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 10:19 PM

Updated : 12 Oct 2022, 03:10 PM

গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূতির দিনে ঢাকায় সমাবেশ করতে না পেরে সারা দেশে অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

অবরোধের মধ্যে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর চালানো হচ্ছে, যাতে সাধারণ যাত্রীদের পুড়ে মারা যাওয়ার ঘটনাও ঘটেছে।

দেশের বিভিন্ন স্থানের মতো উত্তরবঙ্গের নয় জেলায় চলছে ব্যাপক সহিংসতা। এর মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও বগুড়ায় সবচেয়ে বেশি নাশকতা চলছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানাচ্ছে।

বিএনপির সহযোগিতায় জামায়াত-শিবির কর্মীরা এসব নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে দাবি করেছেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) আলমগীর কবির।

এসপি আলমগীর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার, তাদের বিচারের রায় এবং গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড বেশি হয়েছে এবারের অবরোধেও সে এলাকাগুলোতে বেশি নাশকতা চালানো হচ্ছে।"

তিনি জানান, বিগত দিনে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছিল জামিনে কারাগার থেকে বেরিয়ে তারাই আবার নাশকতা চালাচ্ছে।

ওইসব নাশকতাকারীদের গ্রেপ্তারে আবারও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

২০১৩ সালে যুদ্ধাপরাধী কামারুজ্জামান, দেলাওয়ার হোসাইন সাঈদীসহ একের পর এক বেশ কয়েকটি যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায় ঘোষণার পরই তা প্রত্যাখ্যান করে হরতালসহ নানা কর্মসূচি দেয় ২০ দলীয় জোটের বিএনপির শরিক জামায়াতে ইসলামী।

এছাড়া দশম জাতীয় সংসদের নির্বাচন বর্জন করে তা ঠেকাতে বিএনপি-জামায়াত জোট থেকেও হরতাল-অবরোধ ডাকা হয়।

জামায়াতে ইসলামী এবং বিএনপি-জামায়াত জোটের এসব হরতাল অবরোধে ওই বছর জুড়েই যানবাহনে পেট্রোল বোমা ও হাতবোমা ছুড়ে মারা, রেললাইনের ফিসপ্লেট খুলে ফেলাসহ বিভিন্ন ধরনের নাশকতা চলে সারাদেশে।

এবারও সাধারণ মানুষের পাশাপাশি তাদের নাশকতার লক্ষ্য থেকে বাদ যাননি বিচারক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। কেটে সাবাড় করার হচ্ছে সড়ক-মহাসড়কের দুই পাশের গাছ। প্রকাশ্যে সুবিধা করতে না পেরে রাতে বা অপেক্ষাকৃত নির্জন এলাকার সড়ক-মহাসড়ক বেছে নিয়েছে নাশকতার পয়েন্ট হিসেবে।

সুযোগ পেলেই চলন্ত গাড়িতে ছুড়ে মারছে পেট্টোল বা হাতবোমা। খুলে ফেলা হচ্ছে রেললাইনের ফিসপ্লেট। যানবাহনে আগুন দেয়ার পাশাপাশি অবরোধকারীরা লুটপাটও চালাচ্ছে।

অবরোধের প্রথম দিনে রাজশাহীতে অস্ত্র কেড়ে নিয়ে তিন পুলিশকে পিটিয়ে জখম করে জামায়াত-শিবির কর্মীরা।  

অবরোধের কয়েকদিনে উত্তরাঞ্চলে শতাধিক যানবাহন পোড়ানো হয়েছে, ভাংচুর করা হয়েছে পুলিশের গাড়িসহ আরও তিন শতাধিক যানবাহন। বিভিন্ন সড়ক-মহাসড়কে হাজার খানেক গাছ কাটার পাশাপাশি জয়পুরহাটে ৩৬ ফুট রেললাইন উপড়ে ট্রেনে নাশকতার চেষ্টা করা হয়।

গত শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জে এক বিচারকের বাড়িতে এবং পরের দিনে পুলিশ সুপারের বাড়িতে বোমা হামলা চালানো হয়।

সবশেষ গত বুধবার ভোররাতে রংপুরের মিঠাপুকুরে সবচেয়ে বড় নাশকতা চালায় অবরোধকারীরা। সেখানে ঢাকাগামী একটি বাসে পেট্রোল বোমা ছুড়লে পুড়ে মারা যায় পাঁচজন। আগুনে ঝলছে গেছে আরও কয়েকজন।

এর আগে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণার পর মিঠাপুকুরে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত কর্মীরা। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে সাতজন নিহত হন।

ওই বছরেরই ২৬ ডিসেম্বর রাজশাহীতে বিএনপি নেতৃত্বাধীন জোটের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ট্রাকে ছোড়া হাতবোমায় মারা যান এক কনস্টেবল।