২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আঁতাতের’ কারণে নিম্নমানের ওষুধ বাজারে: টিআইবি

ওষুধ নির্মাতাদের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার ‘আঁতাতের’ ফলে দুর্নীতি ‘প্রাতিষ্ঠানিক’ হওয়ায় বাজারে নিম্নমানের ওষুধ বিক্রি হচ্ছে, যাতে মানুষের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে বলে জানিয়েছে টিআইবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 08:41 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

একই সঙ্গে ওষুধের নমুনা পরীক্ষা থেকে শুরু করে ড্রাগ লাইসেন্স নবায়ন করা পর্যন্ত বিভিন্ন সেবার জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তর ঘুষ আদায় করে বলে ঘুষবিরোধী এই সংস্থার মত।

বৃহস্পতিবার রাজধানীর মাইডাস ভবনে সংবাদ সম্মেলনে প্রকাশিত এক ‘গুণগত’ গবেষণা প্রতিবেদনের এসব তথ্য তুলে ধরা হয়েছে।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, অবৈধ অর্থ লেনদেনের বিষয়টি ওষুধ প্রশাসন অধিদপ্তরও স্বীকার করেছে।

এবিষয়ে ওষুধ প্রশাসনের মহাপরিচালককের সঙ্গে কথা বলতে তাকে ফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

তবে এই প্রতিবেদনকে মন্তব্যের অযোগ্য বলেছেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিস্থিতি গভীর পর্যবেক্ষণ ছাড়াই তারা (টিআইবি) ভাসাভাসা মন্তব্য করে। তাই তাদের প্রতিবেদন নিয়ে মন্তব্য না করাই ভাল।”

ওষুধ শিল্প ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট একদল মানুষের সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে টিআইবি। এছাড়া ওষুধ কোম্পানিগুলোর ১০জন প্রতিনিধির সঙ্গেও কথা বলেছেন বলে জানান তিনি।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আলোচনায় উঠেছে যে, বড় বড় কোম্পানিগুলো স্থানীয় বাজারের জন্য নিম্নমানের ওষুধ তৈরি করে।

তিনি বলেন, “রপ্তানির বাজার ও স্থানীয় বাজারের জন্য তাদের দুধরনের কারখানা আছে।”

কোম্পানিগুলোর দাম নির্ধারণের কমিটিতে থাকায় ওষুধের দাম নিয়ন্ত্রণে সুবিধা হয় উল্লেখ করে মান নিয়ন্ত্রণ, দাম নির্ধারণ ও প্রকল্প মূল্যায়নসহ সব ধরনের কমিটি থেকে তাদের বাদ দেওয়ার সুপারিশ করেন তিনি।

টিআইবি বলছে, কিছু কিছু কোম্পানি ওষুধ তৈরির মূলনীতিগুলোও লঙ্ঘন করছে। কিন্তু কর্মকর্তারা পরিদর্শনে গেলে তারা তাদের প্রভাবিত করতে সফল হয়, যেটাকে ‘সমঝোতামূলক দুর্নীতি’ বলে আখ্যা দেন তিনি।

এজন্য জনশক্তি, সরঞ্জাম, অবকাঠামো ও প্রশিক্ষণ বাড়িয়ে ওষুধ প্রশাসনকে শক্তিশালী করার পক্ষে মত দিয়েছে টিআইবি।

দুর্নীতির কিছু উদাহরণ দিয়ে প্রতিবেদনে বলা হয়, লাইসেন্স দিতে পাঁচ থেকে ১০ লাখ টাকা এবং নবায়নের জন্য অন্তত ৫০ হাজার টাকা ঘুষ নেন কর্মকর্তারা।

শক্তিশালী আইন ও নীতিমালার অভাব ও বিদ্যমান আইন প্রয়োগে দুর্বলতাকে দুর্নীতির পেছনের কারণ হিসেবে প্রতিবেদনে সনাক্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে- এসব দুর্নীতির প্রভাবে জনস্বাস্থ্যে ঝুঁকি তৈরি, অনিয়ম ও দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ এবং রপ্তানির অগ্রগতি সীমিত হচ্ছে।

বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তর অ্যালোপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি ও ভেষজসহ সব ধরনের ওষুধের তদারকি করে থাকে।

তবে সবচেয়ে বাজার অ্যালোপ্যাথি ওষুধের ক্ষেত্রেই দুর্নীতি ধরা পড়েছে টিআইবির প্রতিবেদনে।

দেশের ওষুধ শিল্প ২৭ হাজার ব্রান্ডের ১২ হাজার জেনেরিক ওষুধ তৈরি করে থাকে, যা দিয়ে প্রায় জাতীয় চাহিদা মিটে যায়।     

টিআইবি চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, মুনাফা বাড়াতেই ওষুধ কোম্পানিগুলো দুর্নীতির আশ্রয় নিচ্ছে।