২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে মেডিকেল না করার দাবি

বান্দরবানে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের কোনো সিদ্ধান্ত না নেওয়ার দাবি জানিয়েছে বান্দরবান জেলা শাখার পাহাড়ি ছাত্র পরিষদ।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 05:47 PM

Updated : 26 Jul 2022, 11:54 AM

বৃহস্পতিবার সংগঠনটির সভাপতি মংস্তু মারমা স্বাক্ষরিত ওই বিবৃতি দেওয়া হয়।

রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা করে আসছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)।

এরই মধ্যে গত শনিবার (১০ জানুয়ারি) দেশের বিভিন্ন স্থানে ১১টি নতুন মেডিকেল কলেজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার একটি হলো রাঙামাটিতে।

ওই উদ্বোধনের পর রাঙামাটিতে সহিংসতা ছড়িয়ে পড়লে ১৪৪ ধারা জারি করা হয়। সান্ধ্য আইনও জারি করা হয়।

ছাত্র পরিষদের বিবৃতিতে বলা হয়, সরকার পার্বত্য চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন না করে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনের অপচেষ্টা করেছে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) নেতৃত্বে পাহাড়ি জনগণের প্রতিরোধের মুখে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ রাঙামাটি থেকে সরিয়ে বান্দরবানে স্থাপনের ‘ষড়যন্ত্র’ চলছে।  

বিবৃতিতে আরও দাবি করা হয়, বান্দরবানে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে গত ১২ জানুয়ারি সোমবার জেলা প্রশাসকের সভাপতিত্বে আদিবাসী নেতৃবৃন্দকে বাদ দিয়ে এক জরুরি গোপন বৈঠক করা হয়।

বৈঠকে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীর উপস্থিতিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙামাটি থেকে সরিয়ে বান্দরবানে স্থাপনের পক্ষে বিপক্ষে মতামত যাচাই করা হয়।

জেলা প্রশাসনের এ উদ্যোগের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এ বিবৃতি প্রদান করেছে বলে জানানো হয়।  

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) বান্দরবান সদর উপজেলা শাখা সভাপতি উচসিং মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুধু বান্দরবানে নয়, তিন পার্বত্য জেলায় কোথাও এ দুই প্রতিষ্ঠান করতে দেওয়া হবে না।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. মজিবর রহমান বলেন, বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ড ও ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে মেডিকেল কলেজ স্থাপন করা হবে বান্দরবানে। 

যেহেতু বান্দরবান সম্প্রীতির জেলা, তাই এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা নেই।

এ ব্যাপারে বান্দরবানের জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১২ জানুয়ারি সোমবার সভায় এলাকার সাধারণ মানুষের আগ্রহ আছে কিনা প্রাথমিকভাবে জনমত যাচাই করা হয়েছে।

বান্দরবানের মানুষের আগ্রহ আছে। পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর মহোদয় ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা এরও আগ্রহ আছে।

তবে, এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়, জনমতের বিষয়ে সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।