যশোরে দুই ব্যক্তির লাশ উদ্ধার
যশোরের অভয়নগর থেকে বৃহস্পতিবার দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদের হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ।
যশোরের অভয়নগর থেকে বৃহস্পতিবার দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদের হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ।
এরা হলেন খুলনার দৌলতপুরের কবির বন্দের ছেলে রিপন (৪০) ও একই উপজেলার জগদিস ঘরামির ছেলে অমৃত ঘরামি (৪০)।
অভয়নগর থানার ওসি ছয়রুদ্দিন আহমদ জানান, সকালে উপজেলার নওয়াপাড়া এলাকার একটি পোল্ট্রি ফার্মের পাশের মাঠ থেকে ওই লাশ দুটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা ওই স্থানে লাশ দুটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিয়েছিল।
ওসি আরও জানান, বুধবার বিকাল ৩টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর তাদের সঙ্গে পরিবারের সদস্যদের আর যোগাযোগ হয়নি।
সকালে খুলনার দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি করেন তাদের স্বজনরা। লাশ উদ্ধারের খবর পেয়ে অভয়নগর থানায় এসে তাদের শনাক্ত করা হয়।
ওসি ছয়রুদ্দিন বলেন, লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
