২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে গাড়িতে আগুন, বোমাবাজি

বিএনপির ডাকা হরতাল ও অবরোধের মধ্যে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে, বংশালে হয়েছে বোমাবাজি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 12:44 PM

Updated : 12 Oct 2022, 03:10 PM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে এই হরতাল করছে বিএনপি। খালেদা জিয়ার ডাকে গত ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধের মধ্যেই এ হরতাল। 

হরতাল-অবরোধের সকালে ঢাকা থেকে দূরপাল্লার বাস না ছাড়লেও রাজধানী থেকে আশপাশের গন্তব্যের কিছু বাস ছেড়ে গেছে বলে দারুস সালাম থানার ওসি মো. রফিকুল ইসলাম ও যাত্রাবাড়ীর ওসি অবণী শঙ্কর কর জানান।

যাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কম থাকলেও লঞ্চ চলাচল স্বাভাবিক বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক এ বি এস মাহমুদ।

তিনি জানান, সদরঘাট থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে তিনটি লঞ্চ ছেড়ে যায়, ঘাটে ভেড়ে ৩৯টি লঞ্চ।

সকালে ঢাকার বিভিন্ন সড়কে গণপরিবহনও চলতে দেখা গেছে, যদিও তা সংখ্যায় কম।

সকাল ১০টার দিকে বংশাল থানার ফেন্স রোডে পরপর ৪/৫টি হাতবোমা ফাটায় হরতালকারীরা। এ সময় সেখানে উপস্থিত পুলিশ ফাঁকা গুলি ছোড়ে বলে ফারুক নামের এক প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

সকালে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দেওয়া হয়। আশপাশের লোকজনের সহায়তায় তা দ্রুত নিভিয়ে ফেলা হয়।

এছাড়া বেলা সাড়ে ১২টা পর্যন্ত ঢাকার কোথাও বড় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি বলে বিভিন্ন থানার পক্ষ থেকে বলা হয়েছে।