হরতালে ‘স্বাভাবিক’ বন্দরনগরী
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতালের তেমন কোনো প্রভাব বন্দরনগরীর জনজীবনে দেখা যায়নি।
রাস্তায় ছোট যানবাহনের পাশাপাশি গণপরিবহনও চলছে। সকালে ব্যক্তিগত গাড়ি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলোও রাস্তায় নামতে দেখা গেছে।
বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত বন্দরনগীর কোথাও বড় কোনো গোলযোগের খবর পাননি বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) আব্দুর রউফ জানান, সকাল থেকে কোথাও পিকেটিং বা সভা সমাবেশের খবরও তারা পাননি।
সকালে নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ে কোনো নেতাকর্মীর দেখা মেলেনি। বিএনপি কার্যালয় ও আশপাশের সব সড়ক কার্যত আইন-শৃঙ্খলা বাহিনীর দখলে।
হরতালে চট্টগ্রাম থেকে দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। তবে এলোমেলো সূচি ধরেই চলছে ট্রেন।
নগরীর শিক্ষাপ্রতিষ্ঠান, তৈরি পোশাক কারখানাসহ সব ধরনের প্রতিষ্ঠানেও স্বাভাবিক কাজকর্ম চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
