রানা প্লাজা: আপিলে এক প্রকৌশলীর জামিন বহাল
রানা প্লাজা ধসের এক মামলায় সাভারের সাবেক উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেলের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার হাই কোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন খারিজ করে দেয়।
আদালতে রাসেলের পক্ষে শুনানি করেন হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ।
আদালতের এই আদেশের ফলে আসামির কারামুক্তিতে কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন হেলাল উদ্দিন।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে অন্তত ১ হাজার ১৩০ জন নিহত হন, যাদের অধিকাংশই ওই ভবনে থাকা পাঁচটি পোশাক কারখানার শ্রমিক।
পরদিন সাভার মডেল থানায় রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ ইমারত আইনে একটি মামলা করেন যাতে বিধিমালা না মেনে রানা প্লাজা নির্মাণের অভিযোগ আনা হয়।
ওই মামলায় ২৯ মে রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি হাই কোর্ট গেলে গত বছর ১৫ জুলাই উচ্চ আদালত তাকে জামিন দেয়।
দুইদিন পর রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার বিচারপতি ওই জামিন স্থগিত করে দেয় এবং রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিলের আবেদন করে। শুনানির পর আপিল বিভাগ ওই আবেদন খারিজ করে দিল।
অভিযোগ প্রমাণিত হলে এ মামলার আসামিদের সর্বোচ্চ দুই বছর সাজা হতে পারে।
