ঢাকা-চট্টগ্রামে বাসে আগুন-বোমাবাজি
অবরোধের নবম দিনে ঢাকা ও চট্টগ্রামে অন্তত চারটি বাসে আগুন দেওয়া হয়েছে, সেই সঙ্গে হয়েছে বোমাবাজিও।
বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর গুলিস্তান, খিলক্ষেত ও যাত্রাবাড়ীতে তিনটি বাস পোড়ানো হয় বলে অগ্নি নির্বাপক বাহিনী জানিয়েছে। এছাড়া ধানমণ্ডিতে একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
বেলা সোয়া ১টার দিকে গুলিস্তান হকি স্টেডিয়ামের সামনের সড়কে বন্ধন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। প্রায় একই সময়ে ধানমন্ডিতে আড়ংয়ের কাছে একটি প্রাইভেট গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
বিকাল সাড়ে ৫টার দিকে খিলক্ষেত মোড় ও কাছাকাছি সময়ে যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকায় একটি করে বাস পোড়ানো হয়।
এছাড়া সকাল সাড়ে ১১টার দিকে ধানমন্ডির রাপা প্লাজার সামনে অন্তত তিনটি বাসে ভাংচুর চালানো হয়।
চট্টগ্রামের বহদ্দারহাটের এক কিলোমিটার এলাকায় রাত ১০টার দিকে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ইউনিক পরিবহনের বাসটিতে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয় বলে জানান চান্দগাঁও থানার এসআই সুজিত কুমার মৃধা।
এর আগে বিকাল ৫টার দিকে সীতাকুণ্ডে মহাসড়কে পোড়ানো হয় একটি কভার্ড ভ্যান। মীরের হাটের বটতল এলাকায় চট্টগ্রামমুখী ওই কভার্ড ভ্যানটি সম্পূর্ণ পুড়ে যায়।
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূতির দিনে ঢাকায় সমাবেশ করতে না পেরে সারা দেশে এই অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
অবরোধের মধ্যে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর চালানো হচ্ছে, যাতে সাধারণ যাত্রীদের পুড়ে মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। সেই সঙ্গে ঘটছে বোমাবাজিও।
বুধবার রাতে চট্টগ্রামের খুলশী থানার ওয়ারলেস এলাকায় পুলিশের পিকআপ ভ্যান লক্ষ করে হাতবোমা ছুড়ে পালানোর সময় ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাত সাড়ে ৯টার দিকে ওয়ারলেস মোড় তেকে গ্রেপ্তার ওই দুজন হলেন- মোসলেহ উদ্দিন ইয়াসির (৩০) ও মো. সবুজ (২৫)।
খুলশী থানার এএসআই মো. বাবুল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছোড়া হাতবোমা দুটি ভ্যানে না পড়ে রাস্তায় বিস্ফোরিত হয়। ওই সময় হাতেনাতে দুই শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়।
রাতে রাজধানীর বংশাল ও বাংলা মোটরে দুর্বৃত্তদের ছোড়া হাতবোমায় তিন জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন, গিয়াস উদ্দিন(৪০), হৃদয়(২৩) ও অভি(২২)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক, আহতদের শরীরের বিভিন্ন অংশে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।
