২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে হরতালে মিছিল-হাতবোমা, আটক ৪৩

নোয়াখালীতে ছাত্রদলের ডাকা হরতালের সকালে মিছিল থেকে বেশ কয়েকটি হাতবোমা ফাটানো হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 12:01 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

নাশকতার অভিযোগে হরতাল শুরুর আগে বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ২০ নেতা-কর্মীসহ ৪৩ জনকে আটক করেছে পুলিশ।  

পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এসব অভিযান চলে। 

“আটকদের বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতে তোলা হবে”, বলেন এসপি। 

হরতালকে কেন্দ্র করে যে কোনো নাশকতা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।  

বিএনপির যুগ্ম মহাসচিব ও নোয়াখালী জেলা সভাপতি মো. শাহজাহানকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত জেলায় এ হরতাল করছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ছাত্রদল কর্মীরা হরতালের সমর্থনে শহরে মিছিল বের করে। মিছিলটি জেলা জজ আদালত সড়কের দিকে এলে ৬/৭টি হাতবোমা ফাটানো হয়।

পরে রেডক্রিসেন্টের সামনে একটি সমাবেশে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হাসান মো. নোমান, শহর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ চৌধুরী চয়ন বক্তব্য দেন।

সারা দেশে বিএনপির লাগাতার অবরোধের মধ্যেই নোয়াখালীতে এ হরতাল হচ্ছে। জেলায় অভ্যন্তরীণ যানবাহন স্বাভাবিকভাবে চললেও দূরপাল্লার বাস বন্ধ রয়েছে।