সিলেটে ঝটিকা মিছিল থেকে বোমাবাজি
সিলেটে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের ডাকা হরতালের সকালে ঝটিকা মিছিল থেকে বোমাবাজির ঘটনা ঘটেছে।
সিলেট মহানগর জামায়াতের আমিরকে গ্রেপ্তার ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করা ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা এই হরতাল করছে সংগঠন দুটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগর ছাত্রশিবিরের নেতাকর্মীরা সকাল সাড়ে ৮ টার দিকে কুমারপাড়া এলাকা থেকে ঝটিকা মিছিল বের করে।
তারা সড়কে ইট ফেলে অবরোধের চেষ্টা করে। পরে বেশ কয়েকটি হাতবোমা ফাটিয়ে পুলিশ আসার আগেই পালিয়ে যায়।
পরে পৌনে ৯ টার দিকে বন্দরবাজারে ঝটিকা মিছিল শেষে কয়েকটি হাতবোমা ফাটায় শিবিরকর্মীরা।
এছাড়া নগরীর কোথাও বড় কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নগরবাসীর নিরাপত্তায় সব পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।
নগরীতে হরতালের মধ্যেও অভ্যন্তরীণ রুটের ছোট যানবাহন চলছে। তবে নিরাপত্তার কারণে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস।
মঙ্গবার সকালে নগরীর বন্দরবাজার এলাকা থেকে মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরকে গ্রেপ্তার করে পুলিশ।
বিকেলে নগরীর সুবিদ বাজারে এক সমাবেশ থেকে জুবায়েরের মুক্তির দাবিতে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় মহানগর ছাত্র শিবিরের সভাপতি আবদুর রাজ্জাক।
অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ রাখা ও তারেক রহমানের নামে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের প্রতিবাদ এবং সিলেট ছাত্রদলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে একই দিন হরতালের ঘোষণা দেয় সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।
