২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শতবর্ষ পুরনো বাংলা রায়

সুপ্রিম কোর্ট জাদুঘরে দেড় শতাব্দী আগের বাংলা ভাষায় দেওয়া একটি রায় পৌছেছে, যে রায়ের প্যাডের লোগো ফার্সিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 12:10 AM

Updated : 12 Oct 2022, 03:10 PM

বুধবার এই রায়ের অনুলিপি পৌছেছে বলে জানিয়েছেন ‍সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার মো. আবু সাইদ।

তিনি বলেন, “১৮৬৭, ১৮৭১ এবং ১৯০৮ সালে রায় হওয়া তিনটি মামলার নথি আমাদের কাছে এসেছে। নথিগুলোর কোন কোনটি বাংলায়, আবার কোন কোনটি ফার্সিতে লেখা।

“বাংলা লেখাগুলো বর্তমানে প্রচলিত লিখনপদ্ধতি থেকে একটু আলাদা। কষ্ট করে বুঝতে হয়। তবে সেটা চূড়ান্তভাবে বাংলাই।”

একটি মামলার নথির প্রথম পৃষ্ঠায় লেখা রয়েছে, ফার্স্ট সাব-জজ পাবনা। ইয়ারস অব ডিসিশন ১৮৬৭। নালিশ উপস্থিতির তারিখ ১৬ জুলাই ১৯৬৬। বাদী হিসেবে নাটোরের রুদ্র কান্তি নাহিড়ী নামের এক ব্যক্তির নাম। উকিল দুইজনের নাম উল্লেখ রয়েছে। পরে রয়েছে প্রতিবাদীগণের নাম উল্লেখ।

পরের মামলাটি দায়ের হয় ১৮৭০ সালের। সেটাও পাবনা মহকুমার। এটার রায় হয়েছে ১৮৭১ সালে।

উচ্চ আদালতের বিচারকদের মধ্যে বাংলায় রায় দিয়ে সাম্প্রতিক সময়ে বিচারপতি এবিএম খায়রুল হক আলোচিত।

তবে এই সাবেক প্রধান বিচারপতি হাই কোর্ট বিভাগে বাংলা ভাষা প্রচলনের কৃতিত্ব দেন বিচারপতি এআরএম আমিরুল ইসলাম চৌধুরীকে। যিনি তার সব আদেশ, নির্দেশ, রায় বাংলায় দিয়েছেন বলে খায়রুল হক এক প্রবন্ধে উল্লেখ করেন।

গত বছরের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টে এই জাদুঘর উদ্বোধন করা হয়। এই জাদুঘরের জন্য আদালত সংশ্লিষ্ট পুরাতন বিষয়গুলো চাওয়া হলে এই নথি পাওয়া যায়।