২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসড়ক সচলে বিজিবি

বিরোধী রাজনৈতিক জোটের অবরোধের মধ্যে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সচল রেখে পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে সব ধরনের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 08:27 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

মঙ্গলবার চট্টগ্রাম নগরীর হালিশহরে বিজিবি চট্টগ্রামের দক্ষিণ-পূর্ব আঞ্চলিক কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্যবসায়ীদের উদ্বেগের কথা সাংবাদিকরা জানালে বাহিনীর আঞ্চলিক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাবিবুল করিম এই আশ্বাস দেন।

গত আট দিন ধরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ চলায় বাংলাদেশের সব মহাসড়ক কার্যত অচল। পণ্য পরিবহন করতে না পেরে ব্যবসায়ী সংগঠনগুলো তাদের আর্থিক ক্ষতির হিসাব তুলে ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রাজনৈতিক কর্মসূচিমুক্ত রাখার আহ্বানও জানিয়ে আসছে।

বিজিবি কর্মকর্তা করিম বলেন, “ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে আমাদের অর্থনীতির লাইফ লাইন। সেটা আমাদের সচল রাখতেই হবে। আমাদের রাজধানীর জনগণকে স্বস্তিতে রাখার জন্য।

“ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে নিরাপদ না রাখলে তা আমাদের অর্থনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া নিয়ে আসবে। সেটা যাতে নির্বিঘ্ন থাকে, তাতে আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার চেষ্টা করব।”

অবরোধের মধ্যে বিভিন্ন স্থানে মহাসড়কে ব্যারিকেড দেওয়ার পাশাপাশি গাড়ি পোড়ানোর ঘটনা ঘটছে। এর মধ্যেই পুলিশ-বিজিবির বিশেষ পাহারায় গাড়ি চলাচল সচল রাখার চেষ্টা করছে সরকার।  

ব্রিগেডিয়ার করিম বলেন, “জনদুর্ভোগ লাঘবের জন্য এর কোনো বিকল্প নেই। সরকারের নির্দেশে সে দায়িত্ব পালন করে যাচ্ছি। অনেক জায়গায় অস্থায়ী ক্যাম্প করা হয়েছে।

“মহাসড়কে যাত্রীবহনকারী যানবাহন ও পণ্যবাহী গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে যে ব্যবস্থা প্রয়োজন তা গ্রহণ করা হবে।”

হাবিবুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড, মিরসরাই ও কুমিরায় এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া ও ঈদগায় অস্থায়ী ক্যাম্প করা হয়েছে।

“আরও কয়েকটি স্থানে ক্যাম্প করা হবে। এজন্য সিভিল প্রশাসন ও পুলিশের সাথে স্থান নির্ধারণের বিষয়ে কথা চলছে।”

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসছে বলে দাবি করেন তিনি।

“বিশেষ ধরনের পণ্যের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। বিভিন্ন সংস্থা যারা যেমন তেলবাহী ও অন্যান্য জরুরি যানবাহন পরিচালনা করেন, তাদের সাথে গতকাল থেকে বিশেষ সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তাদের পণ্য গন্তব্যে পৌঁছাতে পারে। কুমিল্লা ও ঢাকা সেক্টরের সাথে যোগাযোগ করেছি।”

সন্ধ্যার পর থেকে ঢাকা, সিলেট ও কক্সবাজার রুটের পণ্যবাহী গাড়িবহরের ‍সঙ্গে বিজিবির টহল দল থাকছে।

“এছাড়া দিনের বেলায় যোগাযোগ করা হলে যাত্রীবাহী গাড়িবহরেও বিজিবির টহল দল নিরাপত্তা দিচ্ছে। কেউ সহযোগিতা চাইলে তাদেরও দেওয়া হবে,” বলেন ব্রিগেডিয়ার করিম।

তিনি বিজিবি দক্ষিণ-পূর্ব অঞ্চলের (রিজিয়ন) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতি ভোজের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তার সঙ্গে ছিলেন বিজিবির পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম, রিজিওনাল গোয়েন্দা ব্যুরোর প্রধান লেফটেন্যান্ট কর্নেল তৈমুর সালাদীন কায়কোবাদ, ২৮ বিজিবির ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন, অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মেজর সাব্বির আহমেদ, ২৮ বিজিবির অপারেশন অফিসার মেজর তানভির মাহমুদ,  রিজিওনাল কোয়ার্টার মাস্টার এ বি নুরুল ইসলাম।

পুরনো খবর:

বিজিবি মোতায়েন ২১ জেলায়
স্বাভাবিক হচ্ছে যান চলাচল
অবরোধ ভেঙে সচল মহাসড়ক
খালেদার সঙ্গে দেখা করবেন বিজিএমইএ নেতারা