২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবি মোতায়েন ২১ জেলায়

নতুন বছরের শুরু থেকে রাজনৈতিক উত্তাপ ও নাশকতার মধ্যে জননিরাপত্তা রক্ষায় দেশের ২১ জেলায় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 04:07 PM

Updated : 25 Apr 2022, 12:53 PM

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক আজিজ আহমেদ মঙ্গলাবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক কামাল তালুকদারকে এ তথ্য জানান।

তিনি বলেন, “মন্ত্রী ও সচিব মহোদয়ের মৌখিক নির্দেশেই জেলাগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশের সামগ্রিক অবস্থা বিবেচনা করে ‘অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে’ সোমবার এই নির্দেশনা দেওয়া হয়।

এই ২১ জেলা হলো- লক্ষ্মীপুর, রাজশাহী, চাঁদপুর, নীলফামারী, বগুড়া, নোয়াখালী, মেহেরপুর, খুলনা, নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, নাটোর, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, রাজবাড়ী, গাজীপুর, কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম, পাবনা ও সাতক্ষীরা।

এছাড়া ঢাকা মহানগরেও বিজিবি মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জাতীয় নির্বাচনের পর গত একটি বছর দেশের রাজনৈতিক অঙ্গন শান্ত থাকলেও নতুন বছরের শুরু থেকেই বিএনপি ও তাদের শরিকদের রাজনৈতিক কর্মসূচি ঘিরে ফিরে এসেছে সহিংসতা।  

একটি যুদ্ধাপরাধ মামলার রায়ের প্রতিবাদে বিএনপির শরিক জামায়াতে ইসলাম গত বছরের শেষ এবং এ বছরের প্রথম দিন সারা দেশে হরতাল করে। 

এরপর নির্বাচনের বর্ষপূর্তিতে বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে আশঙ্ক ও কড়াকড়ির কারণে ৩ জানুয়ারি থেকে মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

এর দুই দিন পর ৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করতে না পেরে সারা দেশে লাগাতার অবরোধ ডাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

ওই সময় থেকে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সংঘাতে প্রাণ গেছে কয়েকজনের। গাড়িতে আগুন ও বোমাবাজির কারণেও মৃত্যু হয়েছে সাধারণ মানুষের।

বিএনপির অবরোধের মধ্যে সরকারের মন্ত্রী এমনকি সর্বোচ্চ আদালতের বিচারকদের বাড়ি লক্ষ্য করেও নাশকতার ঘটনা ঘটেছে।