২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে ১৪৪ ধারা অব্যাহত, কারফিউ নেই

মেডিকেল কলেজ উদ্বোধন নিয়ে সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারির পর কয়েকঘণ্টা বিরতি রেখে আবার বহাল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 07:13 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

এরমধ্যে মাঝখানে দুদফায় ২৭ ঘণ্টা জেলা শহরে সান্ধ্য আইন জারি ছিল।

জেলা প্রশাসক সামসুল আরেফিন মঙ্গলবার জরুরি আইনশৃংখলা সভায় জানান, পরিস্থিতি অনেকটা শান্ত হওয়ায় ১৪৪ ধারা মঙ্গলবার বিকাল পর্ষন্ত শিথিল করা হয়েছিল। তবে বিকাল ৫টা থেকে পুনরায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা বলবৎ থাকবে। 

পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় মঙ্গলবার সকাল ৭টার পর সান্ধ্য আইন তুলে নেওয়া হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

এদিকে, এলাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ও শান্তি-সম্প্রীতি বজায় রাখতে মঙ্গলবার সকালে শহরে শান্তির শোভাযাত্রা বের করা হয়।

প্রায় একশ পাহাড়ি ও বাঙালির অংশগ্রহণে শোভাযাত্রাটি কোর্ট বিল্ডিং প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বনরুপা বাজার ঘুরে পুনরায় কোর্ট বিল্ডিংয়ে শেষ হয়।

এর আগে জেলা প্রশাসন সন্মেলন কক্ষে রাঙামাটি শহরে উদ্ভূত পরিস্থিতি নিরসন এবং পাহাড়ি-বাঙালির মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে জেলা আইনশৃংখলা কমিটির বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সামসুল আরেফীনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটির সংসদ সদস্য উষাতন তালুকদার, তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু, পার্বত্য মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো প্রমুখ।

এরা সবাই শান্তি শোভাযাত্রায়ও অংশ নেন।

শনিবার রাঙামাটি মেডিকেল কলেজ উদ্বোধনকে কেন্দ্র করে ছাত্রলীগ ও পাহাড়ি ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর ওইদিন রাঙামাটি শহরে ১৪৪ ধারা জারি করা হয়।

পরবর্তীতে ১৪৪ ধারার মধ্যেই রোববার শহরের কয়েকটি স্থানে সংঘর্ষ হওয়ার পর ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সোমবার সকালে ৮টা এবং সোমবার বিকাল ৫টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্ষন্ত সান্ধ্যা আইন জারি করা হয়। এছাড়া মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা শিথিল ছিল।