২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জেলায় দুর্ঘটনায় নিহত ৮

অবরোধের মধ্যে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল ও সিরাজগঞ্জে আটজন নিহত হয়েছেন। এর মধ্যে টাঙ্গাইলে চারটি দুর্ঘটনায় মারা গেছেন সাতজন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

টাঙ্গাইল ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 06:25 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শল্লা এলাকায় বালুভর্তি ট্রাক ও ট্যাক্সিক্যাবের মুখোমুখি সংঘর্ষে মারা যান চারজন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে ট্যাক্সিক্যাবের চালক ও যাত্রী ছাড়াও ট্রাক চালকের সহকারী রয়েছেন বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আখেরুজ্জামান জানিয়েছেন। নিহতদের নাম-ঠিকানা জানাতে পারেননি তিনি।

উত্তরবঙ্গ থেকে বালু নিয়ে ট্রাকটি টাঙ্গাইলে যাচ্ছিল জানিয়ে ওসি আখেরুজ্জামান বলেন, ট্রাকটি সকালে শল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মারা যায়।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ট্রাকচালকের সহকারী ও ট্যাক্সিক্যাবের চালক মারা যান।

এক ঘণ্টার ব্যবধানে একই এলাকায় আরও দুটি দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হন বলে জানান ওসি আখেরুজ্জামান।

এর মধ্যে ট্রাকের ধাক্কায় মারা যান কালিহাতী উপজেলার দেউপুর এলাকার মোহাম্মদ আলী (৩৫)।

এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি যাওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় আহত হন অটোরিকশাচালক মোহাম্মদ আলী। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন।

কয়েকমিনিট পর উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ট্রাককে একটি অ্যাম্বুলেন্স পেছন থেকে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সের চালক ও সহকারী আহত হন।

তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক অ্যাম্বুলেন্সের চালক পাবনা সদরের সিরাজুল ইসলামকে (৪০)  মৃত ঘোষণা করেন, বলেন ওসি আখেরুজ্জামান।

আধাঘণ্টা পর ঘাটাইল উপজেলার আঠারদানায় লরির ধাক্কায় নিহত হন অটোরিকশাযাত্রী লক্ষণ চন্দ্র পাল (৪৫)।

ঘাটাইল থানার ওসি মোকলেসুর রহমান জানান, লক্ষণ চন্দ্র পাল ঘটনাস্থলেই নিহত হওয়া ছাড়াও আহত হয়েছেন আরও তিনজন।

সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটির চালক নিহত হয়েছেন।

ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে এ দুর্ঘটনায় তিন জন আহত হন বলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার উপ-পরিদর্শক দয়াল ব্যানার্জী জানান।

নিহত চালক মাসুদ রানা (২৫) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কিসমত নড়াইল গ্রামের আব্দুল হালিমের ছেলে।

দয়াল ব্যানার্জী বলেন, দুর্ঘটনায় চারজন আহত হওয়ার পর তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ রানা মারা যান।