চট্টগ্রামে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে প্রতিযোগিতা
মুক্তিযুদ্ধের মাঠ পর্যায়ের সঠিক ইতিহাস তরুণদের জানানোর লক্ষ্য নিয়ে দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক প্রতিযোগিতা চট্টগ্রামে শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার।
বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট- চট্টগ্রামে এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
মঙ্গলবার ট্রাস্টের পক্ষ থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ট্রাস্টের মহাসচিব ফাহিম উদ্দিন আহমেদ বলেন, প্রতিযোগিতায় আন্তঃস্কুল বির্তক, কুইজ, আলোকচিত্র, পোস্টার, শর্ট ফিল্ম ও আইডিয়া জেনারেশন এই ছয়টি বিভাগ থাকবে।
বির্তক ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেবে চট্টগ্রাম ও কক্সাবাজার জেলার ৩২টি স্কুল। এছাড়া আলোকচিত্র, পোস্টার, শর্ট ফিল্ম ও আইডিয়া জেনারেশন প্রতিযোগিতা পরিচালিত হয়েছে সংগঠনের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে দুই দিনের এ প্রতিযোগিতাটি বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় উদ্বোধন করবেন অধ্যাপক অনুপম সেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
শুক্রবার বিকালে সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন শিল্পী মুস্তাফা মনোয়ার।
সমাপনী দিনে প্রতিযোগিতার সবগুলোর বিভাগে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান মাহফুজুর রহমান, আ ক ম রইসুল হক বাহার, মো. হারিস, রেজাউল করিম, সিরাজুল ইসলাম, ইমতিয়াজ উদ্দিন পাশা ও দেওয়ান মাকসুদ।
