স্বাস্থ্যমন্ত্রীর সভাস্থলে হাতবোমা বিস্ফোরণ
বিএনপির অবরোধের মধ্যে পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্রাঙ্গণে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অনুষ্ঠানমঞ্চের পেছনে হাতবোমা বিস্ফোরিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর সলিমুল্লাহ শাখার পুনর্মিলনীর এই অনুষ্ঠান মঞ্চের ১০ থেকে ১৫ হাত দূরে কয়েকটি হাতবোমা ফাটানো হয়।
নাসিম ছাড়াও সাবেক মন্ত্রী দীপু মনি, স্থানীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ডা. মিল্লাতসহ কলেজের শিক্ষকরা এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও দর্শক সারিতে আতঙ্কে ছুটোছুটি শুরু হয়ে যায়।
পরে পরিস্থিতি শান্ত হয়ে এলে আবার অনুষ্ঠান শুরু হয় এবং স্বাস্থ্যমন্ত্রী নাসিম বক্তব্য দিতে আসেন।
তিনি বলেন, “দু’চারটি বোমা মেরে নাসিমকে ভয় দেখানো যাবে না। আমি পালিয়ে যাওয়ার লোক নই।”
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “আওয়ামী লীগ গণঅভ্যুত্থান ঘটিয়ে, যুদ্ধ করে এখানে এসেছে। ভয় পাওয়ার দল আওয়ামী লীগ নয়।
এই হামলার জন্য বিএনপিকে দায়ী করে নাসিম বলেন, “খালেদা জিয়া ঘরে বসে বসে টাকা দিয়ে, দুই চারটা সন্ত্রাসী দিয়ে দুই চারটা বোমা মারলে আওয়ামী লীগ ভয় পাবে না। আওয়ামী লীগ যে উন্নয়নের রাস্তায় আছে সেই উন্নয়নই করে যাবে।”
ঘটনাস্থলে উপস্থিত মেডিকেল কলেজের তৃতীয় শ্রেণির একজন কর্মচারী বলেন, মন্ত্রীসহ অতিথিরা মঞ্চেই ছিলেন। উদ্বোধনী পর্বে কোরআন তেলাওয়াত শেষ হতে না হতেই মঞ্চের ১০ থেকে ১৫ হাত পেছনের দেওয়ালে বিকট শব্দে বোমা দুটি বিস্ফোরিত হয়।
দর্শক সারিতে থাকা অনেকেই এ সময় আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করেন।
কিছুক্ষণের মধ্যে মিটফোর্ড হাসপাতালের ভেতরে আরো দুটি হাতবোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক কামাল তালুকদার ঘটনাস্থল থেকে জানান, মঞ্চের পেছনে দেওয়ালে এবং মেডিকেলের দোতলা নতুন ভবনে আরেকটি বিস্ফোরণের দাগ তৈরি হয়েছে।
পাশের তিন তলা ভবন থেকে হাতবোমাগুলো ছুড়ে দেওয়া হয়েছে বলে মেডিকেলের কর্মচারীদের ধারণা।
লালবাগ পুলিশের উপ কমিশনার মফিজউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছি। বিস্ফোরণ ঘটলেও পরে অনুষ্ঠান শুরু হয়েছে।”
৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করতে না পেরে সারাদেশে লাগাতার অবরোধ ডাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ওই সময় থেকেই দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও বোমাবাজির ঘটনা ঘটছে, যাতে কয়েকজনের প্রাণহানিও হয়েছে।
এর আগে গত ৯ জানুয়ারি রাতে বনানীতে আইনমন্ত্রী আনিসুল হকের বাসায় হাতবোমা হামলা চালানো হয়। ১১ জানুয়ারি হাই কোর্টে পাওয়া যায় বোমা, পিস্তল।
তারেক রহমানের বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হাই কোর্ট বেঞ্চের সদস্য বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ধানমন্ডির বাড়ির সামনে বোমাবাজির পাশাপাশি ওই বেঞ্চের জ্যেষ্ঠ সদস্য বিচারপতি কাজী রেজা-উল হকের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানের কাছেই বিস্ফোরিত হয় কয়েকটি হাতবোমা। পিস্তলসহ তিনজনকে পুলিশ আটকও করে।
