২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমার ভয় আ.লীগ পায় না: নাসিম

পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্রাঙ্গণে সন্ধানীর অনুষ্ঠানস্থলে বোমা হামলার পর ওই অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দু’চারটি বোমা মেরে তাকে বা তার দল আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 05:07 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

মঙ্গলবার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর সলিমুল্লাহ শাখার পুনর্মিলনীর এই অনুষ্ঠান মঞ্চের ১০ থেকে ১৫ হাত দূরে কয়েকটি হাতবোমা ফাটানো হয়।

নাসিম ছাড়াও সাবেক মন্ত্রী দীপু মনি, স্থানীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ডা. মিল্লাতসহ কলেজের শিক্ষকরা এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও দর্শক সারিতে আতঙ্কে ছুটোছুটি শুরু হয়ে যায়।

পরে পরিস্থিতি শান্ত হয়ে এলে আবার অনুষ্ঠান শুরু হয় এবং স্বাস্থ্যমন্ত্রী নাসিম বক্তব্য দিতে আসেন।

তিনি বলেন, “দু’চারটি বোমা মেরে নাসিমকে ভয় দেখানো যাবে না। আমি পালিয়ে যাওয়ার লোক নই।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “আওয়ামী লীগ গণঅভ্যুত্থান ঘটিয়ে, যুদ্ধ করে এখানে এসেছে। ভয় পওয়ার দল আওয়ামী লীগ নয়।

এই হামলার জন্য বিএনপিকে দায়ী করে নাসিম বলেন, “খালেদা জিয়া ঘরে বসে বসে টাকা দিয়ে, দুই চারটা সন্ত্রাসী দিয়ে দুই চারটা বোমা মারলে আওয়ামী লীগ ভয় পাবে না। আওয়ামী লীগ যে উন্নয়নের রাস্তায় আছে সেই উন্নয়নই করে যাবে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ঘটনাস্থলে উপস্থিত মেডিকেল কলেজের তৃতীয় শ্রেণির একজন কর্মচারী বলেন, উদ্বোধনী পর্বে কোরআন তেলাওয়াত শেষ হতে না হতেই মঞ্চের ১০ থেকে ১৫ হাত পেছনের দেওয়ালে বিকট শব্দে বোমা দুটি বিস্ফোরিত হয়।

এর কিছুক্ষণের মধ্যে মিটফোর্ড হাসপাতালের ভেতরে আরো দুটি হাতবোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক কামাল তালুকদার ঘটনাস্থল থেকে জানান, মঞ্চের পেছনে দেওয়ালে এবং মেডিকেলের দোতলা নতুন ভবনে আরেকটি বিস্ফোরণের দাগ তৈরি হয়েছে।

পাশের তিন তলা ভবন থেকে হাতবোমাগুলো ছুড়ে দেওয়া হয়েছে বলে মেডিকেলের কর্মচারীদের ধারণা।

৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করতে না পেরে সারাদেশে লাগাতার অবরোধ ডাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  ওই সময় থেকেই দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও বোমাবাজির ঘটনা ঘটছে, যাতে কয়েকজনের প্রাণহানিও হয়েছে।

পুরনো খবর:

স্বাস্থ্যমন্ত্রীর সভাস্থলে হাতবোমা বিস্ফোরণ