২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় এক লঞ্চের ধাক্কায় আরেকটির তিন যাত্রী নিহত

ঘনকুয়াশার মধ্যে মধ্যরাতে চাঁদপুরে মেঘনা নদীতে একটি লঞ্চের ধাক্কায় আরেকটির তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ জন।

নিজস্ব প্রতিবেদক

ও চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 08:30 AM

Updated : 12 Oct 2022, 03:10 PM

পুরনো খবর:

দুই লঞ্চেরই রুট পারমিট স্থগিত

সোমবার মধ্যরাতে চাঁদপুরের বড়স্টেশন মোলহেড এলাকায় মেঘনায় এ দুর্ঘটনা ঘটে বলে বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক হুমায়ূন কবির জানান।

তিনি বলেন, ঢাকা থেকে বরিশালগামী পারাবাত-৯ নামের একটি লঞ্চ বরিশাল থেকে ঢাকামুখী এমভি সুন্দরবন-৮ লঞ্চে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। ধাক্কায় সুন্দরবন-৮ লঞ্চের একাংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

নিহতরা হলেন- সাহানা বেগম (৬৫), আবরার শাকিল (৬) ও রুপা বেগম (৩০)।

এদের মধ্যে সাহানা শিশু শাকিলের দাদি। দুর্ঘটনায় শাকিলের বাবা নৌ-বাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোস্তফা কামাল, তার স্ত্রী ও বোনও  আহত হয়েছেন।

বরিশালের সাতমাইল এলাকায় নিজেদের বাড়ি থেকে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা আসছিলেন বলে জানান কামাল।

সুন্দরবন-৮ লঞ্চের যাত্রী আবুল কালাম আজাদ, ইদ্রিস মিয়া সবুজ, মো. আব্দুল্লাহ, রেজাউল করিম রিপন জানান, হাজারখানেক যাত্রী নিয়ে সোমবার রাত পৌনে ৯টার দিকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে লঞ্চটি। রাত দেড়টার দিকে চাঁদপুরের মেঘনা নদী পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা এমভি পারাবাত-৯ নামের অপর একটি লঞ্চ তাদের লঞ্চের কেবিনের অংশে ধাক্কা দেয়।

এতে সুন্দরবন-৮ লঞ্চের মাঝের একাংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং লঞ্চের দ্বিতীয় তলায় ভিআইপি কেবিনে থাকা সাহানা বেগম ঘটনাস্থলে মারা যান বলে লঞ্চ যাত্রী বরিশাল সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিগার সুলতানা হনুফা জানান।

আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর অনেককে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয় বলে হাসপাতালের চিকিৎসক ফেরদৌস ওয়াহিদ জানান।

ঢাকায় আসার পথে প্রথমে শাকিলের এবং পরে রুপা বেগমের মৃত্যু হয় বলে স্বজনদের বরাত দিয়ে চাঁদপুর সদর হাসপাতালের এই চিকিৎসক জানান।

আহত বেশ কয়েকজন শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

আহতদের মধ্যে ফজলুল করিম (৬১),  মনোয়ারা বেগম (৫৫),  রাব্বি (১১),  ডালিয়া বেগম (৩৮), শিউলি বেগম (৪৫), মোস্তফা কামাল (৩০) ও সুরাইয়া বেগমের (২৫) নাম জানা গেছে।

দুর্ঘটনার পর এমভি পারাবাত-৯ নামের লঞ্চটি বরিশালের দিকে চলে যায়। ওই লঞ্চের চালকসহ অন্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আহতদের হাসপাতালে পাঠানোর পর এমভি সুন্দরবন-৮ লঞ্চটি রাত ৪টায় ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর লঞ্চঘাট ছেড়ে যায় বলে জানান তিনি।