২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে চার দূতের পরিচয়পত্র

বতসোয়ানার ও লেসেথোর অনাবাসিক হাইকমিশনার এবং বুলগেরিয়া ও বেলজিয়ামের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তাদের পরিচয়পত্র পেশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 12:03 AM

Updated : 12 Oct 2022, 03:10 PM

সোমবার বাংলাদেশে নিযুক্ত বতসোয়ানার অনাবাসিক হাইকমিশনার লেসেগো ইথেল মোতসুমি, লেসেথোর হাইকমিশনার বোথাটা সিকোয়ানে, বুলগেরিয়ার রাষ্ট্রদূত রেতকো কোলেভ ডয়কভ, বেলজিয়ামের রাষ্ট্রদূত জা লুক্স বঙ্গভবনে যান।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রদূত এবং হাইকমিশনারদের বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি তাদেরকে বলেন, বাংলাদেশ এবং দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে।”

রাষ্ট্রপতি এসময় তাদের কর্মকালে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা বলেছেন, বাংলাদেশের সঙ্গে তাদের দেশগুলোর সম্পর্ক আরও জোরদার করতে তারা কাজ করবেন।

রাষ্ট্রপতির কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালযের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা বঙ্গভবনে পৌছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের আলাদাভাবে গার্ড অব অনার দেয়।